বাংলা হান্ট ডেস্ক : ঘাটগুলিকে অবহেলায় পড়ে থাকতে দিতে নারাজ আসানসোল পুরসভা। উৎসবের কয়েকটি দিনের গণ্ডি পেরিয়ে নদীর পাড়কে সাধারণ মানুষের অবসরযাপন ও প্রাতঃভ্রমণের জায়গা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে চলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেই পরিকল্পনায় রয়েছে নতুন রাস্তা, আলো, পাখিদের খাবারের ব্যবস্থা, এমনকি সকাল-সন্ধ্যায় সানাই বাজানোর ভাবনাও।
‘দামোদর আরতি’-র পরিকল্পনা মন্ত্রী অগ্নিমিত্রার (Agnimitra Paul)
নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণে ছটপুজোর আয়োজন ঘুরে দেখার পর এমনই একাধিক পরিকল্পনার কথা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবারের ছটপুজোয় আসানসোলের ঘাটগুলিতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবার উপর। শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২০০টিরও বেশি ঘাটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুরমন্ত্রী।

সোমবার সকালে সাংবাদিকদের সামনে এসে পুর দফতরের কাজের খতিয়ান তুলে ধরেন অগ্নিমিত্রা। মন্ত্রীর কথায়, “সারারাত জেগে উদযাপন করছি, দু’দিন ধরে জেগে আছি। রাজ্যজুড়ে নগরোন্নয়ন দফতর থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কলকাতা পোর্টের সঙ্গে মিলে ঘাটে সুব্যবস্থা করা হয়েছে, ঠিক যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন। আসানসোলও পিছিয়ে নেই। কমিশনার ও তাঁর টিম এখানকার প্রায় ২০০-র উপর ঘাটে একাধিক কাজ করেছে। দামোদর-সহ একাধিক ঘাটে চেঞ্জিং রুম, বায়ো টয়লেট, আলো, ইমার্জেন্সি নম্বর, ঘাটের চারিদিকে ভাল রাস্তা, পরিষ্কার করে রাখা। এতদিন তো পরিষ্কারই করা হত না। দায়িত্ব এতদিন কেউ পালন করেনি। আমরা করছি, চেষ্টা করছি।”
আরও পড়ুন : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাজার ফুটের মধ্যে মদের দোকান নয়! বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
এবারের ছট উৎসবে দামোদর নদীকে ঘিরে বিশেষ আয়োজনও নজর কেড়েছে। অতীতে বন্যার কারণে এই নদী বহু মানুষের দুর্ভোগের কারণ হয়েছে। অন্যদিকে, নদীতে পর্যাপ্ত জল না থাকলে কৃষিকাজেও সমস্যার মুখে পড়তে হয়। সেই নদীর পাড়েই এবার পুজোর পাশাপাশি আরতির আয়োজন করা হয়েছে। দামোদরে এমন উদ্যোগ আগে হয়নি বলেই দাবি পুরমন্ত্রীর। অগ্নিমিত্রা পাল বলেন, “গঙ্গা আরতি হতই আগে, কিন্তু ছট পুজো উপলক্ষ্যে কোনওদিন দামোদরে আরতি হয়নি। দামোদরকে বলা হয় দুঃখের নদী, কিন্তু আজ আরতি হচ্ছে, শাঁখ বাজছে, পুজো হচ্ছে, অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এখানে।”
দামোদরের ঘাটে নিয়মিতভাবে আরতি চালু করার ইচ্ছা প্রকাশ করেছেন অগ্নিমিত্রা পাল। তাঁর প্রস্তাব, সপ্তাহে একদিন আসানসোলের বিভিন্ন ঘাটে পরিবেশকে সামনে রেখে আরতি করা যেতে পারে। প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানোই হবে এই অনুষ্ঠানের মূল ভাবনা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা পরিবেশের পুজো করে আরতি করব, পরিবেশের যে ভগবান তাঁর আরতি। সবকিছু যাতে ভাল হয়।”
ঘাট সংলগ্ন এলাকা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে অগ্নিমিত্রা বলেন “রাস্তা বানাচ্ছি, ছোটো ছোট আলো দিচ্ছি। গাছে পাখিদের খাবার দেওয়া, সকাল ও সন্ধেয় হালকা সানাইয়ের আওয়াজ। ব্যাকগ্রাউন্ডে একটা সানাই, কারণ আমরা তো দেখাশোনার একজনকে রাখবই। তাঁরই কাজ হবে এই সানাই বাজানো। যাতে যাঁরা হাঁটবে, তাঁদের জন্য একটা ভাল পরিবেশ দেওয়া যায়। এটাই আমরা চাইছি তৈরি করতে।” এমন পরিকাঠামো তৈরির উদ্যোগকে রাজ্যে নতুন ধরনের কাজ বলেই উল্লেখ করেছেন পুরমন্ত্রী।












