বাংলা হান্ট ডেস্ক : রেশন (Ration) দোকানের দীর্ঘ লাইনে আর দাঁড়াতে হবে না প্রবীণদের। এমনই এক নতুন ব্যবস্থা চালুর পথে হাঁটছে সরকার। ৭৫ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের জন্য এবার বাড়িতেই পৌঁছে দেওয়া হবে সরকারি বরাদ্দের চাল, গম। আগামী বছর থেকে এই পরিষেবা কার্যকর করার প্রস্তুতি চলছে। ফলে যাঁদের পক্ষে শারীরিক অসুবিধার কারণে বাইরে বেরিয়ে রেশন সংগ্রহ করা কঠিন, তাঁদের জন্য বড়সড় স্বস্তি।
প্রবীণদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন (Ration),ঘোষণা সরকারের
এতদিন পর্যন্ত রেশন ব্যবস্থায় উপভোক্তাদের নিজেদের নির্ধারিত দোকানে উপস্থিত হয়ে খাদ্যসামগ্রী নিতে হত। কিন্তু পরিবারের প্রবীণ সদস্যদের ক্ষেত্রে এই নিয়ম অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যাঁরা অসুস্থ, একা থাকেন কিংবা হাঁটাচলা করতে পারেন না, তাঁদের প্রতি মাসে রেশন সংগ্রহ করতে গিয়ে অন্যের সাহায্য নিতে হয়। এই অসুবিধা দূর করতেই বাড়িতে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা তৈরি করছে সরকার।

নতুন পরিষেবার আওতায় নির্দিষ্ট বয়সসীমা পূরণ করা উপভোক্তাদের জন্য বাড়ি পর্যন্ত রেশন পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে প্রশাসন। তবে এই মুহূর্তে পরিষেবাটি চালু হচ্ছে না। আগামী বছর থেকে পুরোদমে তা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। তার আগে বণ্টন ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রশাসনিক পরিকাঠামো প্রস্তুত করার কাজ চলবে।
আরও পড়ুন : আসানসোলের ঘাটে এবার সকাল-সন্ধে সানাইয়ের সুর! দামোদরে আরতি, একগুচ্ছ নতুন পরিকল্পনা অগ্নিমিত্রার
এই খবরটি পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য নয়। একটি বৈঠক থেকেই এই নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছে বিহার সরকার। শুধু বাড়িতে রেশন পৌঁছে দেওয়াই নয়, খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতা বাড়াতেও উদ্যোগী হয়েছে বিহার সরকার।
সরকারি ঘোষণা অনুযায়ী, নতুন করে প্রায় ২৩ লক্ষ ৭৫ হাজার মানুষকে এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে যুক্ত করা হয়েছে। যাঁরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন, তাঁদের আবেদন জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে কার্ড দেওয়ার ব্যবস্থা রাখার কথাও জানানো হয়েছে। আগামী বছর হোম ডেলিভারি পরিষেবা বাস্তবে চালু হলে ৭৫ ঊর্ধ্ব নাগরিকদের জন্য রেশন সংগ্রহ অনেক সহজ হয়ে উঠবে।












