বাংলা হান্ট ডেস্ক : দলের এক কর্মীর মৃত্যুতে শোকাহত পরিবারের সামনে দাঁড়িয়েই নির্বাচনী জয় নিয়ে আক্ষেপ করেছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। তার একটি মন্তব্য ঘিরে এখন রাজ্য বিজেপির অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। অরূপ সাহা নামে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিধায়ক। সেখানে বলা কয়েকটি কথা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দেয়। বিষয়টি নিয়ে দলের মন্ত্রীদের সমালোচনার পরদিনই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে সামনে এলেন রত্না দেবনাথ।
বিতর্কিত মন্তব্যের পর নিজের অবস্থান স্পষ্ট করল রত্না দেবনাথ (Ratna Debnath)
অরূপ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দিতে গিয়েছিলেন পানিহাটির বিধায়ক। কিন্তু শোকাহত পরিবারের অবস্থা দেখে আবেগ সামলাতে পারেননি তিনি। সেই সময় নিজের মেয়ে এবং মৃত কর্মীর সন্তানদের প্রসঙ্গ টেনে বিজেপির নির্বাচনী সাফল্য নিয়েও আক্ষেপ প্রকাশ করেন। রত্না দেবনাথ বলেছিলেন, “বিজেপি না জিতলে ভালো হত। মনে হচ্ছে পরিবারটির এই অবস্থার জন্য আমি দায়ী। এই তো বাচ্চাগুলোর বাবা চলে গেল। আমার মেয়েটা চলে গেল।”

বিধায়কের এই মন্তব্যের পর প্রশ্ন ওঠে, তাহলে কি নির্বাচনে দলের জয় নিয়েই আক্ষেপ রয়েছে তাঁর? মাত্র ছয় মাস আগে নির্বাচনে জিতে বিধায়ক হওয়া একজন জনপ্রতিনিধির মুখে এমন কথা কেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। দলের নেতারাও বিষয়টি ভালোভাবে নেননি বলে স্পষ্ট হয়ে যায় পরবর্তী প্রতিক্রিয়ায়। রত্নার মন্তব্য প্রকাশ্যে আসার পর পরিবহনমন্ত্রী অর্জুন সিং সরাসরি তাঁর বক্তব্য সমালোচনা করে বলেন, “রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো।” তাঁর মতে, এমন পরিস্থিতিতে প্রশাসনের উপর ভরসা রাখা প্রয়োজন। মন্ত্রী দিলীপ ঘোষও সংবাদমাধ্যমের সামনে এই ধরনের মন্তব্যের নিয়ে প্রশ্ন তুলে বলেন, “কোথাও সমস্যা থাকলে, সেটা পার্টির লোকেরা দেখবেন। ওঁরও ঠিক জায়গায় বলা উচিত। প্রেস-মিডিয়ায় বললে কোনও সমাধান হয় না।”
আরও পড়ুন :২০২৭ সালেই কি বাড়বে বেতন? অষ্টম পে কমিশনের রিপোর্ট নিয়ে বড় আপডেট
দলের নেতাদের প্রতিক্রিয়ার পর আর দেরি করেননি পানিহাটির বিধায়ক। বিতর্কিত মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। রত্নার বক্তব্য, তাঁর কথার সম্পূর্ণ অর্থ না বুঝে একটি অংশকে আলাদা করে প্রচার করা হচ্ছে। বিজেপি নির্বাচনে না জিতলেই ভালো হত, এমন কোনও বক্তব্য তিনি দিতে চাননি। একইসঙ্গে দলের নেতৃত্বের প্রতি নিজের আস্থার কথাও জানিয়েছেন বিধায়ক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপর তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিবৃতিতে রত্না উল্লেখ করেছেন, বিধায়ক হিসেবে দলের সংগঠন ও আদর্শের প্রতি তিনি সম্পূর্ণ আস্থাশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরে যাতে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি না ছড়ায়, সেই আবেদনও করেছেন। একজন দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে শুরু হওয়া এই বিতর্ক এখন বিজেপির অভ্যন্তরীণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।












