বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রুপির (Indian Rupee) দুরন্ত কামব্যাক! মূলত, ডলারের (Dollar) বিপরীতে ভারতীয় রুপি প্রায় ৭ মাসের মধ্যে তার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিদেশি বিনিয়োগকারীদের ক্রমাগত ক্রয়, অপরিশোধিত তেলের (Crude Oil) দামের পতন এবং মার্কিন ডলারের দুর্বলতা রুপিকে বড় ধরনের গতি দিয়েছে। মঙ্গলবার সকালের লেনদেনে রুপির দর আগের দিনের বন্ধের দরের তুলনায় প্রায় ০.৪ শতাংশ বেড়ে প্রতি ডলারের বিপরীতে ৯৩.৫২-এ দাঁড়িয়েছে। গত এপ্রিলের পর এটিই রুপির সবচেয়ে শক্তিশালী অবস্থান।
ডলারের বিপরীতে ভারতীয় রুপির (Indian Rupee) দুরন্ত কামব্যাক:
জানিয়ে রাখি যে, রুপির উত্থানের সবচেয়ে বড় কারণ হল ভারতীয় শেয়ার বাজারের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ। চলতি মাস অর্থাৎ নভেম্বরে এখনও পর্যন্ত, দীপাবলির বিশেষ ট্রেডিং সেশন ছাড়া প্রতিটি ট্রেডিং দিনেই বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করেছে। এই সময়কালে, তারা ভারতীয় শেয়ার বাজারে মোট ৮৪,১৬৭.৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে। যা রুপিকে সমর্থন জুগিয়ে চলেছে। এদিকে, ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির একটি কারণ হল বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারের চলমান বিক্রি। আমেরিকা ও এশিয়ার অনেক বাজারে প্রযুক্তি সেক্টরের শেয়ার চাপের মধ্যে রয়েছে। অন্যদিকে ভারতীয় শেয়ার বাজার তুলনামূলকভাবে ভালো ফল করেছে।

উল্লেখ্য যে, এই প্রসঙ্গে ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবসায় ভারতের সীমিত অংশগ্রহণ বর্তমানে বাজারের মনোভাব এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের অনুকূলে কাজ করছে। এদিকে, অপরিশোধিত তেলের দাম কমার ফলে রুপি আরও একটি বড় শক্তি পেয়েছে। আন্তর্জাতিকভাবে, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক শতাংশ কমেছে। বিশ্বব্যাপী সরবরাহ বৃদ্ধির প্রত্যাশার কারণে এটি ঘটেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে, মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানির দ্রুত পুনরুদ্ধার এবং চাহিদা কমে যাওয়ার কারণে চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে তেলের বাজারে অতিরিক্ত সরবরাহ দেখা দিতে পারে।
আরও পড়ুন: ভারতের নেক্সট জেনারেশন যুদ্ধবিমান তৈরি করবে কে? ৩ সংস্থার মধ্যে জোরদার টক্কর, রয়েছে Tata-ও
জানিয়ে রাখি যে, ভারত তার তেলের চাহিদার একটি বড় অংশ আমদানি করে, এবং অপরিশোধিত তেলের সস্তা দাম দেশের আমদানি ব্যয় ও রুপি উভয়ের জন্যই স্বস্তি বয়ে আনে। দেশীয় বাজারে, ১৯ নভেম্বর সমাপ্ত হতে চলা অপরিশোধিত তেলের ফিউচার চুক্তিও প্রায় ১.৫৩ শতাংশ কমে প্রায় ৭,৯৫৫ টাকায় নেমে এসেছে। এদিকে, ডলার সূচক ১৯ মাসের সর্বোচ্চ ১০৩.৭০ থেকে কমে ১০৩.৪-এ নেমে এসেছে। তবে, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের কঠোর অবস্থানের কারণে ডলার পুনরায় শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ‘ভেরি টাফ ম্যান’ তকমা! কোয়াড সম্মেলনে মোদীর ভূয়সী প্রশংসা ট্রাম্পের
বাজার এখন ডিসেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি পর্যালোচনার দিকে নজর রাখছে। উভয় ব্যাঙ্কই সুদের হার বাড়াবে বলে অনুমান করা হচ্ছে। ইউবিএস-এর বিশ্লেষকদের অনুমান, রিজার্ভ ব্যাঙ্ক ডিসেম্বর ও ফেব্রুয়ারি উভয় মাসেই ০.২৫ শতাংশ করে সুদের হার বাড়াতে পারে। এর ফলে পলিসির সুদের হার ৬ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। প্রযুক্তিগত সঙ্কেত অনুযায়ী, ডলারের বিপরীতে রুপির জন্য ৯৩-এর স্তরটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। ডলারের জন্য ৯৪.১০ স্তরটিকে প্রাথমিক বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে।












