বাংলা হান্ট ডেস্কঃ দফতরে বসে কাজের পাশাপাশি ময়দানে নেমেও সমানভাবে কাজ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। নাগরিকদের নানা সমস্যা ও সেগুলি সমাধানে তিনি সর্বদা সচেষ্ট থাকেন। এবার সেই লক্ষ্যেই ফের একবার ‘মুখোমুখি’ কর্মসূচি নিয়ে ফিরছেন তিনি। নাগরিকরা এবার নিজেদের পুরসভার সমস্যা, অভিযোগ ও পরামর্শ সরাসরি মন্ত্রীকে জানাতে পারবেন।
‘মুখোমুখি’ নিয়ে ফিরছেন অগ্নিমিত্রা | (Agnimitra Paul)
রাজ্যের পৌরবিষয়ক ও নগরোন্নয়ন দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা নিজেদের পুরসভার কোনও সমস্যা, অভিযোগ বা পরামর্শ সরাসরি পুরমন্ত্রীকে জানাতে পারবেন। আগামী ১৯ নভেম্বর তথা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা অবধি এই কর্মসূচি হবে। তবে শুধুমাত্র কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) অন্তর্ভুক্ত এলাকার জন্য এই কর্মসূচি হবে বলে জানানো হয়েছে।

বুধবার নিজের ফেসবুকে ‘মুখোমুখি’ নিয়ে একটি পোস্ট করেছেন অগ্নিমিত্রা। তিনি লেখেন, “অনেক দিন পর আবারও ফিরছে ‘মুখোমুখি’— নাগরিকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক বিশেষ উদ্যোগ। নগরোন্নয়ন ও পৌরবিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবার আপনার পৌরসভার সমস্যা, অভিযোগ বা পরামর্শ সরাসরি জানাতে পারবেন আমাকে।“
আরও পড়ুনঃ ‘স্বাস্থ্য সাথী’ নিয়ে বেনজির পদক্ষেপ! অস্তিত্বই মুছে দিল সরকার
পুরমন্ত্রীর কথায়, “আপনাদের সঙ্গে সরাসরি কথা বলে নাগরিক সমস্যাগুলি জানা এবং তার দ্রুত সমাধানের লক্ষ্যে ‘মুখোমুখি’ আবারও শুরু হচ্ছে। আপনার প্রতিটি মতামত ও অভিযোগ নাগরিক পরিষেবাকে আরও কার্যকর, স্বচ্ছ এবং জনবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।“
পোস্টের শেষে একটি ফোন নম্বরও দিয়েছেন অগ্নিমিত্রা। সেটি হল ১৮০০ ১৮০ ১২৫৯। পুরসভা সংক্রান্ত যে কোনও সমস্যা, অভিযোগ বা পরামর্শ থাকলে নাগরিকদের আগামীকাল সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে এই নম্বরে ফোন করে পুরমন্ত্রীকে জানাতে হবে। সেই সমস্যা বা অভিযোগ শুনে সমাধানের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হতে পারে।












