বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে সরকারি কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি ইতিমধ্যেই পূরণ করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। সরকার গঠনের পরেই সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) ঘোষণা হয়েছে। এবার সেই কমিশন কার্যকরের তোড়জোড় শুরু হতেই রাজ্যের মাদ্রাসাগুলির শিক্ষক-অশিক্ষক কর্মীদের তথ্য তলব করা হল। একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ২৭ নভেম্বরের মধ্যে যাবতীয় তথ্য জমা করতে হবে।
সপ্তম বেতন কমিশন কার্যকরের লক্ষ্যে বড় পদক্ষেপ | (7th Pay Commission)
মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে রাজ্যের সকল জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কোন মাদ্রাসায় কতজন শিক্ষক ও অশিক্ষক কর্মী রয়েছেন, সেই সংক্রান্ত তথ্য জমা করতে হবে। সপ্তম বেতন কমিশনের কাজের জন্য এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তা মাদ্রাসা শিক্ষা অধিকর্তার দফতরে পাঠাতে হবে।

ইতিমধ্যে এই সরকারি বিজ্ঞপ্তির প্রতিলিপি সব জেলার অতিরিক্ত জেলাশাসক (সংখ্যালঘু) ও জেলা সংখ্যালঘু বিষয়ক আধিকারিকদের পাঠানো হয়েছে। অতিরিক্ত জেলাশাসকদের দায়িত্ব হল, সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের কাজের উপর নজর রাখা। জেলা সংখ্যালঘু বিষয়ক আধিকারিকদের স্কুল পরিদর্শকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ফ্লাইওভারের নীচে তৈরি হবে লাইব্রেরি, বাচ্চাদের ক্রেশ! অভিনব পরিকল্পনা অগ্নিমিত্রার
সদ্য জারি করা এই বিজ্ঞপ্তির পিছনে গত ৩০ সেপ্টেম্বর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে জারি করা একটি নির্দেশিকা রয়েছে। সেটির উপর ভিত্তি করেই সপ্তম বেতন কমিশনের জন্য এই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
অন্যদিকে সম্প্রতি সপ্তম বেতন কমিশনে বেতন, ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর অবধি অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। জানানো হয়েছে, সম্প্রতি নতুন করে যেসব সংস্থা অন্তর্ভুক্ত হয়েছে সেখানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মী এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের আবেদনের জন্যই এই সিদ্ধান্ত।
যদিও এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে খুশি নন সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের আশঙ্কা, এই ধরণের পদক্ষেপের ফলে সপ্তম বেতন কমিশনের কাজ দীর্ঘায়িত হতে পারে।












