ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে ৫ জেলায় অতিভারী বৃষ্টি, কবে কমবে দুর্যোগ? জানাল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(91)

বাংলাহান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে তীব্র ঘূর্ণিঝড় অ্যাকভান। এদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, আজও দুর্যোগের সম্ভাবনা রয়েছে এ রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে ঝড়-বৃষ্টি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। আবহাওয়া দপ্তর বলছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার পর্যন্ত কমবেশি বৃষ্টি চলবে। আজ অতিভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এই সমস্ত জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপটও।

south bengal weather(242)

এছাড়া এদিন বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়াতেও। কলকাতা সহ এই সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও বিক্ষিপ্তভাবে ভিজবে এদিন। আগামীকালও গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস অবশ্য নেই।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাবে পর্যটনে কোপ, ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ ওড়িশার একাধিক দর্শনীয় স্থান

রবিবার অবধি দক্ষিণবঙ্গের সব জেলারই কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া দমকা হাওয়া। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তন হবে না। শীতের আমেজ বজায় থাকবে। নতুন সপ্তাহে তিন থেকে চার ডিগ্রি পারদ নামতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে পড়েনি। তবে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর সহ সব জেলারই এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর ও মালদহে। হালকা শীতের ভরপুর আমেজ বজায় রয়েছে উত্তরের জেলাগুলিতে।