জুটিতে লুটে রেকর্ড রাহুল-যশস্বীর! একবিংশ শতকে প্রথম এমন ঘটনা দেখলো ভারতীয় দল

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েলিংটন টেস্টে গ্লেন ফিলিপ্স ও হেনরি নিকোলসের শতরানে ভর করে প্রথম ইনিংসে ৩৬৮ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছিল নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নেমে অসাধারণ পারফরম্যান্স করে দ্বিতীয় দিনের শেষে ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়ে গিয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও লোকেশ রাহুল (KL Rahul)।

এদিন ব্যাট হাতে দুই ভারতীয় ওপেনারের রণনীতি ছিল দুই রকমের। গোড়ার দিকটা সামলে নিয়ে ব্যাট হাতে আক্রমণাত্মক মেজাজে কিউয়ি বোলারদের শাসন করেছিলেন বাঁ-হাতি তরুণ ওপেনার যশস্বী। উল্টোদিকে ধৈর্য্যের পথে হাঁটছিলেন লোকেশ রাহুল। দুজনের মধ্যে ১৩০ রানের পার্টনারশিপ হওয়ার পর ৮৯ বলে ৮৫ রান করে আউট হন জয়সওয়াল। দ্বিতীয় দিনের শেষে ১১৬ বলে ৫২ রান করে অপরাজিত রয়েছেন রাহুল।

একবিংশ শতকে প্রথম ভারতীয় ওপেনিং জুটি হিসেবে টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে ১০০-র বেশি রানের পার্টনারশিপ গড়েছেন এই দুই তারকা। তার আগে শেষবার ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের মাটিতে এই কাজ করে দিয়েছিল নভজ্যোত সিং সিঁধু ও নয়ন মঙ্গিয়ার জুটি। সেইসঙ্গে এই ফরম্যাটে জুটি হিসেবে ১০০০ রানের গণ্ডিও অতিক্রম করেছে যশস্বী-রাহুল জুটি।

আরও পড়ুন: আচমকাই এই তারকাকে ভারতীয় দল থেকে ছেঁটে ফেললেন গম্ভীর! সমালোচনায় মুখর ক্রিকেট বিশেষজ্ঞরা

এর পাশাপাশি একটি অনন্য রেকর্ড গড়েছেন যশস্বী। ওপেনার হিসেবে এই ফরম্যাটে মোট পাঁচটি দেশে নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে হাফসেঞ্চুরির গণ্ডি অতিক্রম করার রেকর্ড গড়েছেন এই তরুণ ভারতীয় ওপেনার। এই পাঁচটি দেশ হলো যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেই সঙ্গে ওপেনার হিসেবে নিজের প্রথম ৩২ টি টেস্ট ম্যাচেই ৭ টি শতরান ও ১৪ টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

আরও পড়ুন: আসন্ন IPL-এ আর দেখা যাবে না বিধ্বংসী ‘ট্র্যাভিষেক’ জুটি! হেডের উদ্দেশ্যে মনছোঁয়া বার্তা অভিষেকের

উল্টোদিকে অভিজ্ঞ ওপেনার লোকেশ রাহুলের ঝুলিতেও এসেছে এক অনন্য রেকর্ড। ভারতের প্রথম ও একমাত্র ওপেনার হিসেবে তিনি চারটি SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশেই অন্তত একটি ৫০-এর বেশি রানের ইনিংস খেলার সম্মান অর্জন করেছেন। কাল ভারতকে প্রথম ইনিংসে বিশাল লিড এনে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।