বাংলাহান্ট ডেস্ক : মুরগির মাংস থেকে আইসক্রিম, রসগোল্লা- স্কুল পড়ুয়াদের মিড ডে (Mid Day Meal) মিলে বিশেষ উদ্যোগ। মিড ডে মিল বা প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের খাবারের মেনুতে নতুন সংযোজন হয়েছে ‘তিথি ভোজন’। মিড ডে মিলের চিরাচরিত নির্দিষ্ট খাবারের বাইরে বিশেষ দিনে পড়ুয়াদের পছন্দের নানান পদের ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগের আওতায় কলকাতার ৩০ টি স্কুলে ৬ হাজার পড়ুয়ার জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ ভোজের।
মিড ডে মিলে (Mid Day Meal) তিথি ভোজনের উদ্যোগ
জানা যাচ্ছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কর্মসূচির আওতায় এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় পড়ুয়াদের জন্য। স্কুলে সাধারণত মিড ডে মিলের নির্ধারিত মেনু অনুযায়ী খাবার দেওয়া হয় পড়ুয়াদের। কিন্তু তিথিভোজনে বিশেষ কিছু দিন বা উপলক্ষকে কেন্দ্র করে ওই মেনুতে অতিরিক্ত কিছু পদ যুক্ত করা হয়।

কী কী ছিল মেনুতে: বৃহস্পতিবার তিথি ভোজনের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, আইসক্রিম ও রসগোল্লা। দফতর সূত্রে জানা যাচ্ছে, বেলতলা গার্লস হাই স্কুল, বেহালা গার্লস হাই স্কুল, বেহালা ব্লাইন্ড হাই স্কুল, অরবিন্দ বসু নগর বিদ্যাপীঠ সহ মোট ৩০ টি স্কুলে আয়োজন হয়েছিল এই তিথি ভোজনের।
আরও পড়ুন : সেমিকন্ডাক্টর শিল্পের সোনালি সুযোগ, বামেদের জন্যই ধ্বংস, ৩৪ বছরের ইতিহাসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
বিশেষ উদ্যোগে খুশি পড়ুয়ারা: বিটি রোড হাইস্কুলের প্রধান শিক্ষিকা বলেন, সাধারণ মিড ডে মিলের (Mid Day Meal) পাশাপাশি এদিন অন্য রকম স্বাদের খাবার পেয়ে খুশি বাচ্চারা। মাঝে মাঝে এমন বিশেষ আয়োজন হলে পড়ুয়াদের উচ্ছ্বাস থাকে দেখার মতো।
আরও পড়ুন : ১৬ ঘন্টা স্তব্ধ যান চলাচল, রবিবার মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
দফতরের মতে, তিথি ভোজনকে সফল করে তুলতে সরকারি উদ্যোগ ছাড়াও বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের যোগদানও খুব জরুরি। বিভিন্ন সংস্থা যদি এগিয়ে আসে তাহলে এই উদ্যোগ আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব।












