বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষের আগেই কর্মচারীদের দীর্ঘদিনের দাবিপূরণ। কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে চালু হল নূন্যতম মজুরি। প্রায় পাঁচ বছরের অপেক্ষা শেষে বার্নপুরের সেল আইএসপি কারখানায় (Burnpur SAIL ISP) প্রায় ১২ হাজার শ্রমিকের জন্য কার্যকর হল নতুন বেতন কাঠামো (New Salary Structure)।
বছরে প্রায় ৫৪ কোটি টাকা বাড়তি আয় হবে শ্রমিকদের | (New Salary Structure)
কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মতো সেল-এর নানা ইউনিটে কেন্দ্রের নিয়ম মেনে নূন্যতম মজুরি চালু হয়েছে। প্রথমে বার্নপুরের সেল আইএসপি কারখানায় প্রায় ১২ হাজার শ্রমিকের জন্য এই নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে। ফলে বছরে তাঁদের প্রায় ৫৪ কোটি টাকা বাড়তি আয় হবে। শীঘ্রই অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টেও এই নিয়ম চালু হবে।

আগে সেল-এর নানা ইউনিট পুরনো আইন অনুযায়ী রাজ্য সরকারের নিয়মে চলত। তবে নতুন আইনে সেগুলি কেন্দ্রের অধীন চলে এসেছে। নতুন নিয়মে শ্রমিকদের দৈনিক মজুরি একধাক্কায় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ফলে দুর্গাপুর, আসানসোলের ইস্পাত কারখানার হাজার হাজার ঠিকা ও সাধারণ শ্রমিকদের মুখের হাসি আরও চওড়া হয়েছে।
আরও পড়ুনঃ মহিলাদের ফ্রি বাস পরিষেবায় বড় বদল! টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু করছে রাজ্য
বার্নপুর ইস্পাত কর্মচারীরা জানান, ২০২১ সাল থেকে এই ঐতিহাসিক লড়াই চলছিল। সেখানে জয়ের কারণেই শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা অকাল হোলিতে মেতেছেন। তাঁদের কথায়, “সামান্য বেতন এতদিন সংসার চালানো দায় হয়ে পড়েছিল। এবার নতুন করে বাঁচার আশা খুঁজে পাচ্ছি।“
প্রথমে বার্নপুরের সেল আইএসপি কারখানায় প্রায় ১২ হাজার শ্রমিকের জন্য চালু হয়েছে কেন্দ্রীয় নূন্যতম মজুরি। এরপর শ্রম দফতরের আধিকারিকরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের খাতাপত্র যাচাই করে জানতে পারেন, সেখানকার কিছু শ্রমিকও কম মজুরি পাচ্ছেন। দীর্ঘ আলোচনার পর সেখানকার প্রায় ৩ হাজার শ্রমিকের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগে থেকেই যারা বেশি বেতন পাচ্ছেন, তাঁদের টাকা কিছুতেই কমানো যাবে না।
এই বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে সবসময় বদ্ধপরিকর ডাবল ইঞ্জিন সরকার। এই বেতন বৃদ্ধি ইউনিয়ন ও শ্রমিকদের যৌথ লড়াইয়ের ফসল।“
অন্যদিকে দীর্ঘ পাঁচ বছরের লড়াই শেষে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ায় বার্নপুরে উৎসবের মেজাজ। গেরুয়া আবির দিয়ে অকাল হোলিতে মেতে ওঠেন শ্রমিকরা। সেন্ট্রাল ডেপুটি লেবার কমিশনারের দফতরের ক্রমাগত উদ্যোগের ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শ্রমিক ও তাঁদের পরিবারে বইছে খুশির হাওয়া।












