বাংলা হান্ট ডেস্কঃ আকস্মিক শিলাবৃষ্টিতে খাটনির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার (Government of West Bengal)। শিলাবৃষ্টির জেরে ফসলের ক্ষতি হয়ে থাকলে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার (PMFBY) অধীন থাকা কৃষকরা ক্ষতিপূরণের আবেদন জানাতে পারবেন। তবে ৭২ ঘণ্টার মধ্যে সেই ক্ষতির কথা না জানালে টাকা পেতে সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে কৃষকদের কীভাবে আবেদন জানাতে হবে, কী কী নথি লাগবে জেনে নিন।
ঝড়-বৃষ্টিতে ফসলের ক্ষতি হলে মিলবে বিমার টাকা | (PMFBY)
ইতিমধ্যে কৃষি দফতরের তরফে রাজ্যের সকল জেলা কৃষি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৩ নভেম্বর ডিরেক্টরেট অফ এগ্রিকালচারের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। ফলে কিছু এলাকার ফসলের ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা। তাই বিমার অধীনস্থ ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ফসল নষ্ট হওয়ার কথা জানানোর বিষয়ে জেলা কৃষি আধিকারিকদের সচেতন করতে বলা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, শিলাবৃষ্টি হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ক্ষতির কথা জানাতে হবে। ক্রপ ইনস্যুরেন্স অ্যাপ বা কৃষি রক্ষক পোর্টালের টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৪৪৪৭ -এ ফোন করে অভিযোগ জানাতে হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে কার্যকর নতুন বেতন কাঠামো! কেন্দ্রের নিয়ম মেনে চালু হল নূন্যতম মজুরি
ক্ষতিগ্রস্ত কৃষকরা নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ জানালে ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ ও ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ২০২৩ সালের অপারেশনাল গাইডলাইন মেনে এই বিষয়ক মূল্যায়ন হবে।
এই অভিযোগ জানানোর সময় কৃষকদের বেশ কিছু তথ্য হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কৃষকের নাম, বিমার অধীনস্থ ফসলের নাম, জমির পরিমাণ, জমির দাগ নম্বর, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আবেদনের নম্বর, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে।
ফসল ফলাতে কৃষকদের মাসের পর মাস পরিশ্রম করতে হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের জেরে অনেকসময় তা চোখের সামনে নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার উপভোক্তাদের জন্য বড় সুযোগ করে দিল রাজ্য।












