বাংলা হান্ট ডেস্ক : কলকাতায় পুর নির্বাচন নিয়ে নতুন করে তৈরি হল অনিশ্চয়তা। শহরের ওয়ার্ডের সীমানা ও সংখ্যা বদলানোর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্নের মুখে রাজ্য সরকার ও কলকাতা পুরনিগম। সোমবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে দুই পক্ষের বক্তব্যের অসংগতি নজরে আসে বিচারপতি জয়মাল্য বাগচীর। ওয়ার্ড পুনর্গঠনের উদ্যোগ কে নিয়েছিল, সেই প্রশ্নের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রশাসনিক ও আইনি নিয়ম মানা হয়েছিল কি না, তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। আপাতত কোনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বুধবার ফের শুনানি হবে।
কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্ন
কলকাতা পুরসভার আসন কাঠামোয় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। এতদিন শহরে ওয়ার্ডের সংখ্যা ছিল ১৪৪। সেটিকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু হতেই বিরোধী শিবিরের তরফে আপত্তি ওঠে। তাদের অভিযোগ ও প্রশ্নের জেরে বিষয়টি আদালতে পৌঁছয়। নির্বাচন ঘিরে জল্পনা চলছিল, কলকাতা ও হাওড়া-সহ রাজ্যের সাতটি পুরসভায় নভেম্বরেই ভোট হতে পারে। কিন্তু সেই সম্ভাবনায় বাধা তৈরি হয় কলকাতা হাই কোর্টের নির্দেশে। চলতি মাসের গোড়ায় অবকাশকালীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাসের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না। এই নির্দেশের বিরুদ্ধে এবার সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ে নেমেছে রাজ্য ও কলকাতা পুরনিগম। দুটি পৃথক আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে।

সোমবারে সুপ্রিম কোর্টের শুনানিতে প্রশ্ন ওঠে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব কার ছিল। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, পুরসভার কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরেই ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ এগিয়েছে। কিন্তু কলকাতা পুরনিগমের বক্তব্য, এই সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফেই নেওয়া হয়েছিল।
আরও পড়ুন : দিনের পর দিন ফাইল আটকে রাখার দিন শেষ! প্রশাসনিক কাজে গতি আনতে বড় সিদ্ধান্ত রাজ্যের
এই পরিস্থিতিতে পুরসভার প্রশাসনিক কাঠামো নিয়েও আদালতের প্রশ্নের মুখে পড়ে সংশ্লিষ্ট পক্ষ। বিচারপতি জানতে চান, যেখানে বর্তমানে কলকাতা পুরসভায় মেয়র নেই, মেয়র পারিষদও নেই, সেখানে প্রশাসক কীসের ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করলেন? এমন সুপারিশ করার ক্ষমতা তাঁর ছিল কি না, সেই বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়। এর পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের আগে আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।
তুষার মেহতা আদালতকে জানান, অভিযোগ ও মতামত জমা দেওয়ার জন্য সাত দিনের সময় বরাদ্দ ছিল। ওই সময়ের মধ্যে ২৮০টি চিঠি জমা পড়ে। তবে ৭০ জন সংশ্লিষ্ট ব্যক্তি শুনানিতে হাজির হননি। সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বুধবারের শুনানিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি বৈধতা নিয়ে আদালত কী অবস্থান নেয়, তার উপর পরবর্তী পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে।












