পশ্চিমবঙ্গের SIR মামলায় কমিশনকে জোড়া নির্দেশ! ট্রাইবুনালের সংখ্যা বাড়াতে বলল সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

Supreme Court orders Election Commission to increase SIR tribunal in West Bengal

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের এসআইআর (West Bengal SIR) সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে জোড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেই সময় আদালত জানায়, কলকাতা হাইকোর্টের সঙ্গে আলোচনাক্রমে রাজ্যে এসআইআর ট্রাইবুনালের সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি আপিলগুলিকেও দু’টি ভাগে ভাগ করতে বলা হয়েছে।

এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের | (Supreme Court)

এদিনের শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে কমিশনকে জানানো হয়, এসআইআর ট্রাইবুনালে জমা পড়া আপিলগুলিকে দু’ভাগে ভাগ করতে হবে। নাম বাদ পড়ার বিরুদ্ধে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলিকে অগ্রাধিকার দিয়ে আগে নিষ্পত্তি করতে হবে। এরপর নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে জমা পড়া আবেদনগুলির নিষ্পত্তি করলে চলবে।

Supreme Court

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চের নির্দেশ, রাজ্যের যেসব বিধানসভা এলাকায় পুরভোট হবে সেখানকার নাম বাদ পড়া ভোটারদের আবেদনকে অগ্রাধিকার দিতে হবে। কলকাতা পুর এলাকায় নাম বাদ পড়া ভোটারদের আবেদনকেও বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুনঃ প্রতি ৪ বছর অন্তর সরকারি কর্মীদের প্রোমোশন! অষ্টম বেতন কমিশনের কাছে বড় প্রস্তাব

এছাড়া ট্রাইবুনালের জায়গা নির্বাচন করা নিয়েও কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, যাতে সবাই আবেদন জানানোর সুযোগ পান, সেকথা মাথায় রেখে শহর কলকাতার নানা জায়গা চিহ্নিত করতে হবে। ট্রাইবুনালের কাজ এমন জায়গায় করতে হবে, যেখানে যাতায়াতের সুবিধা রয়েছে।

এদিকে আজকের শুনানিতে আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, যাদের নাম বাদ গিয়েছে, তাঁরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রেক্ষিতে রাজ্য সরকারকে নোটিশ ইস্যু করেছে আদালত। এই বিষয়ে যাদের অভিযোগ আছে, তাঁদের অবিলম্বে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বলা হয়েছে।

রাজ্যের এসআইআর মামলায় আজ সবপক্ষের বক্তব্য শোনার পর কমিশনকে দু’টি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ট্রাইবুনালের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কোন আবেদনগুলিকে অগ্রাধিকার দিতে হবে তা স্পষ্ট করে দিয়েছে আদালত।