বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষের আগে গাড়ির মালিকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার (Government of West Bengal)। সোমবার থেকে এককালীন ছাড় প্রকল্প ২০২৬-২৭ চালু করেছে পরিববহণ দফতর। এই প্রকল্পের মাধ্যমে গাড়ির মালিকরা বকেয়া রোড ট্যাক্সের (Road Tax) উপর জমে থাকা জরিমানায় ১০০ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি গাড়ির মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সার্টিফিকেট রিনিউ করার ক্ষেত্রেও অতিরিক্ত ফি-তে বিশেষ ছাড় পাওয়া যাবে।
৩১ ডিসেম্বর ২০২৬ অবধি মিলবে প্রকল্পের সুবিধা | (Government of West Bengal)
পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর অবধি এককালীন ছাড় প্রকল্পের সুবিধা পাবেন গাড়ির মালিকরা। এই সময়ের মধ্যে বকেয়া রোড ট্যাক্সের সবটা জমা দিলে সেই তারিখ অবধি জমে থাকা জরিমানার ১০০ শতাংশ মকুব হয়ে যাবে।

পাশাপাশি যেসব গাড়ির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে গিয়েছে এবং এখনও রিনিউ করা হয়নি, সেক্ষেত্রেও ফি কমানো হয়েছে। ৩০ দিনের কম দেরির ক্ষেত্রে রোজ ৫০ টাকা করে ফি দিতে হবে। ৩০ দিন বা তার বেশি দেরির ক্ষেত্রে এককালীন ১৫০০ টাকা দিলেই গাড়ির ফিটনেস সার্টিফিকেট রিনিউ হয়ে যাবে। এই সুবিধাও ৩১ ডিসেম্বর অবধিই পাওয়া যাবে।
আরও পড়ুনঃ আরও বাড়ছে সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি মামলার তদন্তের পরিধি! ED স্ক্যানারে একাধিক ব্যবসায়ী
জানা গিয়েছে, ব্যক্তিগত গাড়ি সহ সব ধরণের গাড়ি রাজ্যের এককালীন ছাড় প্রকল্পের আওতায় আসবে। তবে সুবিধা পেতে গেলে ৩১ ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রযোজ্য কর ও ফি বাধ্যতামূলকভাবে জমা করতে হবে।
রাজ্যের এককালীন ছাড় প্রকল্প ২০২৬-২৭ কার্যকর করতে ‘বাহন’ সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই রাজ্যের সকল RTO ও ARTO অফিসকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে গাড়ির মালিকরা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে পারেন।
বকেয়া রোড ট্যাক্স মেটাতে বা গাড়ির ফিটনেস সার্টিফিকেট রিনিউ করতে অনেক সময় গাড়ির মালিকদের মোটা টাকা খরচ হয়। এবার সেটা মেটানোর জন্য সুবর্ণ সুযোগ করে দিল রাজ্য সরকার। ফলে যেসব গাড়ির চালকদের রোড ট্যাক্স মেটানো বাকি আছে বা গাড়ির ফিটনেস সার্টিফিকেট রিনিউ করা হয়নি, তাঁরা এই সময়ের মধ্যে করে নিতে পারেন।












