বাংলা হান্ট ডেস্কঃ বিষক্রিয়ার জেরে গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)। শনিবার রাতে প্রথমে তাঁকে বসিরহাটের হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। তবে কীভাবে বিষক্রিয়া হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পরিবারের দাবি, আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিধায়ক। অন্যদিকে, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
রেখার (Rekha Patra) সাথে ঘটেছিল শনিবার রাতে?
জানা গিয়েছে, শনিবার রাত ৯টা নাগাদ অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র (Rekha Patra)। প্রথমে তাঁকে বসিরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিলেন না তিনি। বিষয়টি জানতে পেরে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকে কলকাতায় নিয়ে আসার পরামর্শ দেন। সেইমতো রবিবার ভোর ৪টে নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিধায়ককে।

কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
রবিবার হাসপাতালে রেখাকে (Rekha Patra) দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর আশঙ্কা, কোনও খাবার থেকে বিষক্রিয়া হয়ে থাকতে পারে। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে গোটা বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই কঠিন সময়ে বিধায়কের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ পাড়ায় ঢুকবে ঠাকুরের ছবি লাগানো গাড়ি, বাজবে ভক্তিগীতি! নতুন পরিকল্পনা রাজ্যের
দলের অন্দরেও ছিল সমস্যা?
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই নানা কারণে মানসিক অবসাদে ভুগছিলেন রেখা পাত্র (Rekha Patra)। দলের একাংশের সঙ্গে তাঁর মতবিরোধ ছিল বলেও খবর। এমনকি হুমকির মুখেও পড়তে হয়েছিল তাঁকে। দলের বিভিন্ন কর্মসূচিতেও ডাক পাচ্ছিলেন না বিধায়ক। সম্প্রতি একটি সভায় রেখা নিজেই জানিয়েছিলেন, বেশি দূর পড়াশোনা না করায় দলের একাংশের নেতাদের কাছে তিনি যথাযথ সম্মান পান না।
তদন্তে নেমে একজনকে আটক
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গেও রেখার (Rekha Patra) অশান্তি চলছিল। গত কয়েক মাস ধরে হিঙ্গলগঞ্জে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। বাড়ির ভাড়া মেটানো নিয়েও বাড়িওয়ালার সঙ্গে সমস্যা চলছিল বলে খবর।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে বিধায়ক (Rekha Patra) নিজেই বিষ খেয়েছিলেন, নাকি খাবার থেকে বিষক্রিয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার চেষ্টার পিছনে কোনও প্ররোচনা ছিল কি না, সেই প্রশ্নও উঠছে। গোটা ঘটনার তদন্ত চলছে।












