অবসরের পরেও প্রতি মাসে আয়! কেন্দ্রের অটল পেনশন যোজনায় আবেদনের বয়স ও নিয়ম জানুন

Published on:

Published on:

Know the details about this central government's scheme

বাংলা হান্ট ডেস্ক : বেসরকারি সংস্থায় কর্মরত কিংবা অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষেরা অবসরের পর নিয়মিত আয়ের ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তাঁদের জন্যই রয়েছে কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ সামাজিক সুরক্ষা প্রকল্প (Central Government Scheme)। অটল পেনশন যোজনার মাধ্যমে কর্মজীবনে নির্দিষ্ট অঙ্কের টাকা জমিয়ে ৬০ বছর বয়সের পর আজীবন মাসিক পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের(Central Government Scheme) কথা জানেন?

দেশের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ২০১৫ সালে অটল পেনশন যোজনা চালু করা হয়। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কথা মাথায় রেখেই এই প্রকল্প তৈরি হয়েছে। এখানে কোনও একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন বাধ্যতামূলক নয়। বরং আবেদনকারী নিজের প্রয়োজন অনুযায়ী মাসিক ১,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে পেনশনের পরিমাণ বেছে নিতে পারেন।

Know the details about this central government's scheme

এই প্রকল্পে যোগ দেওয়ার বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। একবার নাম নথিভুক্ত হলে ৬০ বছর বয়স পর্যন্ত নির্ধারিত হারে টাকা জমা রাখতে হবে। তারপর নির্বাচিত পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে পেনশন মিলবে। এই প্রকল্পে বিনিয়োগের অঙ্ক সবার ক্ষেত্রে এক নয়। আবেদনকারীর বয়স যত কম থাকবে, নির্দিষ্ট পেনশন পাওয়ার জন্য মাসিক কিস্তির পরিমাণও তত কম হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জমার অঙ্ক বৃদ্ধি পায়।

আরও পড়ুন : বিয়ের মরশুমে বাড়ল সোনার দর, আজ কত দাম হল হলুদ ধাতুর?

ধরা যাক, কোনও ব্যক্তি ১৮ বছর বয়সে প্রকল্পে যোগ দিয়ে মাসে ৫,০০০ টাকা পেনশন পাওয়ার বিকল্প বেছে নিলেন। সেক্ষেত্রে তাঁকে প্রতি মাসে ২১০ টাকা জমা করতে হবে। একই সুবিধা পেতে ৩০ বছর বয়সে যোগ দিলে মাসিক জমার পরিমাণ হবে ৫৭৭ টাকা। আর ৪০ বছর বয়সে এই প্রকল্পে নাম লেখালে প্রতি মাসে ১,৪৫৪ টাকা দিতে হবে। অবসরের জন্য আগে থেকে পরিকল্পনা করলে তুলনামূলক কম মাসিক কিস্তিতেই ভবিষ্যতের পেনশনের ব্যবস্থা করা যায়।

ইচ্ছা থাকলেই এই প্রকল্পে অ্যাকাউন্ট খোলা যায় না। তার জন্য কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন। প্রথমত, আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, তাঁর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি কোনও ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে নিজের নামে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। ২০২২ সালের ১ অক্টোবর থেকে যাঁরা আয়কর দেন বা আয়কর দেওয়ার যোগ্য, তাঁরা নতুন করে অটল পেনশন যোজনায় যোগ দিতে পারবেন না। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। বাড়িতে বসে অনলাইনেও অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করার সুযোগ রয়েছে।