সরকারি কর্মচারীর বদলিতে মানবিকতার উপর জোর! বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

Published on:

Published on:

Calcutta High Court big observation in Central Government employees transfer case

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মচারীর (Central Government Employees) বদলি চাকরির স্বাভাবিক অংশ। তবে কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে আইনের কড়াকড়ির থেকে মানবিক দৃষ্টিভঙ্গি অনেক বেশি জরুরি হয়ে ওঠে। এক সরকারি কর্মচারীর বদলি সংক্রান্ত মামলায় কেন্দ্রকে ‘মানবিকতার পাঠ’ পড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন্দ্রের আইনজীবীর যুক্তিতে অসন্তোষ প্রকাশ করে বড় মন্তব্য করেছে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।

সরকারি কর্মচারীর বদলি নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের | (Calcutta High Court)

মামলাকারী সরকারি কর্মী কেন্দ্রীয় সরকারের অর্ডন্যান্স বোর্ডে কর্মরত। আদালত সূত্রে জানা গিয়েছে, তাঁর বাবা প্রয়াত হয়েছেন। ৮২ বছরের বৃদ্ধা মা ডিমেনশিয়া সহ শারীরিক অক্ষমতায় ভুগছেন। কর্মরতা স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকেন। এই পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে কলকাতা থেকে ওড়িশায় বদলির নির্দেশ আটকানোর আবেদন জানান ওই কর্মী।

Calcutta High Court

মায়ের চিকিৎসার যাবতীয় নথি ও প্রতিবন্ধকতার শংসাপত্র সহ কর্তৃপক্ষের কাছে বদলির নির্দেশ আটকানোর আবেদন জানিয়েছিলেন ওই সরকারি কর্মী। তবে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপরেই উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুনঃ মহিলাদের ফ্রি বাস টিকিটের বুকিংয়ে নতুন নিয়ম! আধার কার্ড লকের ঘোষণা পরিবহণমন্ত্রীর

সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে কেন্দ্রের আইনজীবী বলেন, কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে বদলি একটি নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়া। দেশের স্বার্থে দেশের যে কোনও জায়গায় কাজ করতে হয়। এক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনেই সংশ্লিষ্ট কর্মীর বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রের আইনজীবীর এই যুক্তিতেই অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। প্রধান বিচারপতি বলেন, সরকারি কর্মচারীদের বদলি চাকরি জীবনের স্বাভাবিক প্রক্রিয়া তা আদালতের অজানা নয়। তবে কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে আইনের জটিলতার থেকে মানবিক দৃষ্টিভঙ্গি অনেক বেশি জরুরি হয়ে ওঠে। ৮২ বছরের ডিমেনশিয়া আক্রান্ত এক বৃদ্ধার দেখভালের জন্য ছেলে ছাড়া আর কেউ নেই। এই অবস্থায় আদালতেরও কিছু করার থাকে।

প্রধান বিচারপতি প্রশ্ন করেন, মায়ের ও বাবার নামের নথি সংক্রান্ত কিছু ত্রুটির কারণে কেন একটি মানবিক আবেদন আটকে থাকবে? বিষয়টিকে নিয়মের গণ্ডিতে না আটকে রেখে মানবিক দিক থেকে বিবেচনা করতে বলে আদালত।

হাইকোর্টের পর্যবেক্ষণের পর কেন্দ্রের আইনজীবী জানান, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সময় দেওয়া হোক। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি হবে।

সরকারি কর্মচারীদের বদলির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম থাকে। সেই নিয়মের আওতাতেই তাঁদের বদলির নির্দেশ দেওয়া হয়। তবে কিছু ব্যতিক্রমী পরিস্থিতি মানবিকতার দিক থেকে বিবেচনা করা উচিত। কেন্দ্রকে মানবিকতার পাঠ পড়িয়ে এমনটাই জানাল হাইকোর্ট।