বাংলা হান্ট ডেস্ক : কলকাতায় হেলমেট ছাড়া বাইক বা স্কুটি নিয়ে বেরোলেই এবার পার্কিংয়ে জায়গা পাবেন না। এমনই পরিকল্পনার পথে হাঁটতে চলেছে লালবাজার (Lalbazar)। পথ নিরাপত্তা নিয়ে পুলিশের বারবার প্রচার সত্ত্বেও হেলমেট ব্যবহারে অনীহা কমছে না অনেকের। তাই নিয়ম ভাঙার সুযোগ কমাতে শহরের পার্কিং ব্যবস্থাকেও কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে।
হেলমেট না থাকলে মিলবে না পার্কিং, নির্দেশ জারির পথে লালবাজার (Lalbazar)
নতুন নির্দেশ কার্যকর হলে পার্কিং লটে বাইক বা স্কুটি রাখার সময় চালকের কাছে হেলমেট থাকা বাধ্যতামূলক। যাঁর কাছে হেলমেট থাকবে না, তাঁকে গাড়ি রাখার অনুমতি দেওয়া হবে না। তবে পার্কিংয়ে বাইক জমা দেওয়ার পর হেলমেটটি সঙ্গে নিয়ে চলে যেতে পারবেন চালক। এই নিয়ম ঠিকভাবে মানা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব থাকবে পার্কিং কর্মীদের উপর। সংশ্লিষ্ট লটে সিসিটিভি ক্যামেরা থাকলে নজরদারির ক্ষেত্রেও সেগুলিকে কাজে লাগাতে চাইছে পুলিশ।

কালীপুজো সময়ে শহরের বিভিন্ন রাস্তায় নাকা তল্লাশি চালিয়ে ট্রাফিক আইন অমান্যের একাধিক ঘটনা নজরে আসে পুলিশের। লালবাজারের এক আধিকারিকের বক্তব্য, ওই সময় সবচেয়ে বেশি যে নিয়ম ভাঙার ছবি সামনে এসেছে, তার মধ্যে অন্যতম ছিল হেলমেট ছাড়া বাইক চালানো। এই প্রবণতা ঠেকাতেই ধাপে ধাপে বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত।
আরও পড়ুন : সবুজ সংকেত পেতেই শুরু কাজ, দুর্ঘটনার একমাস পর খোলা হচ্ছে চোরবাগানের মণ্ডপ
এর আগে হেলমেট ছাড়া বাইক নিয়ে পেট্রল পাম্পে গেলে জ্বালানি না দেওয়ার নির্দেশ দিয়েছিল লালবাজার। এবার পার্কিংয়ের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি চালুর ভাবনা নেওয়া হয়েছে। শুধু বাইকচালককেই নয়, নিয়ম না মেনে কোনও হেলমেটবিহীন গাড়িকে পার্কিংয়ে জায়গা দিলে সংশ্লিষ্ট কর্মীকেও জবাবদিহির মুখে পড়তে হতে পারে। প্রয়োজনে তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে পুলিশ।
তবে শুধু নিষেধাজ্ঞা জারি করেই পরিস্থিতি বদলাতে চাইছে না কলকাতা ট্রাফিক পুলিশ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সোমবার থেকে শহরের প্রতিটি ট্রাফিক গার্ড নিজেদের এলাকায় ‘সেফটি অ্যান্ড কাউন্সেলিং প্রোগ্রাম’ শুরু করেছে। এই কর্মসূচিতে বাইকচালকদের সঙ্গে সরাসরি কথা বলে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে। মাথায় হেলমেট পরার পাশাপাশি সেটির ফিতে বা স্ট্র্যাপ ঠিকমতো আটকে রাখার উপরেও জোর দেওয়া হচ্ছে। কারণ, হেলমেট সঙ্গে থাকলেও সঠিকভাবে ব্যবহার না করলে দুর্ঘটনার সময়ে তা যথাযথ সুরক্ষা দিতে পারে না।












