বাংলাহান্ট ডেস্ক: মহাকাশেও কী পরমাণু অস্ত্রের (Nuclear Weapon) প্রতিযোগিতায় নামতে চলেছে রাশিয়া (Russia)? চলতি বছরের শেষেই পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি উপগ্রহ (Satellite) মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে মস্কো। এমনই চাঞ্চল্যকর দাবি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমী দেশগুলির মধ্যে। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে জার্মানি-সহ ন্যাটোর একাধিক সদস্য দেশ। জার্মান সংবাদমাধ্যমের দাবি, পশ্চিমী গোয়েন্দা সংস্থাগুলির হাতে এমন কিছু তথ্য এসেছে, যা থেকে রাশিয়ার এই পরিকল্পনার ইঙ্গিত মিলেছে।
মহাকাশে পরমাণু অস্ত্র (Nuclear Weapon) মোতায়নের ছক রাশিয়ার?
জার্মানির সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র ‘জুডডয়চে জেইটুং’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘স্পুটনিক-এস’ নামের ওই উপগ্রহটি বেশ কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে। বর্তমানে মস্কো (Russia) অঞ্চলে সেটিকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জার্মানির বিদেশি গোয়েন্দা সংস্থা বিএনডি এবং সামরিক বাহিনীর সঙ্গে পশ্চিমী দেশগুলির গোয়েন্দা তথ্য আদানপ্রদানের ভিত্তিতেই এই আশঙ্কা তৈরি হয়েছে। নভেম্বরের গোড়ায় ন্যাটোর কয়েকটি সদস্য দেশকে সতর্কও করা হয়েছিল। আগামী ৬০ দিনের মধ্যে উপগ্রহটি উৎক্ষেপণ করা হতে পারে বলে আশঙ্কা। জার্মান সামরিক বাহিনীর স্পেস কমান্ডের অনুমান, ডিসেম্বরের শুরুতেই ঘটতে পারে সেই ঘটনা।
আরও পড়ুন: পুরভোট ঘোষণায় স্থগিতাদেশ বহাল! কলকাতার আসন পুনর্বিন্যাস মামলায় বড় প্রস্তাব সুপ্রিম কোর্টের
তবে রাশিয়ার তরফে এই অভিযোগ সরাসরি উড়িয়ে দেওয়া হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই। তাঁর বক্তব্য, এই দাবির পিছনে নির্দিষ্ট কোনও সূত্রের উল্লেখ নেই। বার্লিনে রুশ দূতাবাসও অভিযোগটিকে অপপ্রচারের অংশ বলে দাবি করেছে। তাদের বক্তব্য, রাশিয়ার মহাকাশ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হয়।
উল্লেখ্য, ২০২৪ সালেও রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ তুলেছিল আমেরিকা। ওয়াশিংটনের দাবি ছিল, এমন একটি অস্ত্র তৈরির চেষ্টা করছে মস্কো, যা মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে বিপুল সংখ্যক উপগ্রহ ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে ইউক্রেনের সেনাবাহিনীর যোগাযোগের জন্য ব্যবহৃত স্পেসএক্সের স্টারলিঙ্ক স্যাটেলাইট নেটওয়ার্ককে অকেজো করে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন কর্মকর্তারা।

আরও পড়ুন: নেপালেও IIT! তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে তৈরি হবে স্টার্টআপ হাব, কী জানালেন প্রধানমন্ত্রী মোদী?
বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর নিম্ন কক্ষপথে এই ধরনের বিস্ফোরণ ঘটলে তার প্রভাব ভয়াবহ হতে পারে। মার্কিন স্পেস কমান্ডের প্রধান স্টিফেন হোয়াইটিংয়ের মূল্যায়ন অনুযায়ী, কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে কক্ষপথের প্রায় এক-তৃতীয়াংশ উপগ্রহ অকেজো হয়ে যেতে পারে। পরবর্তী কয়েক মাসে ক্ষতিগ্রস্ত হতে পারে আরও বহু উপগ্রহ। এর প্রভাব পড়বে বিশ্বজুড়ে ইন্টারনেট যোগাযোগ, জিপিএস, ব্যাঙ্কিং ও বিদ্যুৎ পরিষেবায়। উল্লেখ্য, ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্র বা অন্য কোনও গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ। ফলে রাশিয়ার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ আন্তর্জাতিক মহলেও নতুন করে উদ্বেগ তৈরি করেছে (Russia)।












