বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখেছেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। রাইজিং স্টার্স এশিয়া কাপে (2026 Rising Stars Asia Cup) সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ৫২ বলে দ্বিশতরান করে ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দিয়েছেন তরুণ ভারতীয় বাঁ-হাতি তারকা। এবার তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক তারকা ক্রিস গেইল (Chris Gayle)।
ক্রিকেট বিশ্বে ইউনিভার্স বস বলে পরিচিত এই তারকা বৈভব সূর্যবংশীর প্রশংসা করতে গিয়ে বলেছেন, “এটা সত্যিই অসাধারণ। ২৮টি ছক্কা! আমার ফোনে তো তখন বার্তার বন্যা বয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম, কী হচ্ছে এসব? কেউ একজন আমাকে জানাল যে, ১২ ওভারেই দ্বিশতরান হয়ে গিয়েছে!”

এরপর তিনি মজা করে ঘটনাটির বর্ণনা করে বলেন, “আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি টি-টোয়েন্টি ম্যাচ? ওরা বলল, না, এটা ৫০ ওভারের ম্যাচ। আমি তো রীতিমতো হতবাক! এতেই বোঝা যায় যে, ৫০ ওভারের ফরম্যাটেও এখন তিন রানের ব্যক্তিগত ইনিংস দেখাটা মোটেও অসম্ভব নয়। আগেই বলেছি, এই ছেলেটি খেলার ধরনটাই বদলে দিচ্ছে; আশা করি, সে তার প্রাপ্য সুযোগটা পাবে।”
আরও পড়ুন: ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন, তাও ভারতীয় দলে আর সূর্যকুমারকে ফেরার সুযোগ দেবে না BCCI!
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ইউএই ‘এ’ দলের দেওয়া ২৪৯ রানের টার্গেট বৈভব সূর্যবংশীর ব্যাটে ভর করে ১৪.৩ ওভারের মধ্যেই তাড়া করে নিলো ভারতীয় ‘এ’ দল। এদিন ব্যাট হাতে সূর্যবংশী যা করলেন, তাকে ব্যাখ্যা করতে গেলে বিশেষণ কম হয়ে যাবে। এদিন হাফসেঞ্চুরি সম্পূর্ণ করতে ১৬ বল খরচ করেছিলেন বৈভব। নিজের ইনিংসে এই নির্দিষ্ট সময়টা সবচেয়ে ধীরগতিতে ব্যাটিং করছিলেন তিনি।
আরও পড়ুন: গত ৫ বছরে তিনবার দল বদল! ফের একবার IPL-এর মঞ্চে নতুন জার্সিতে দেখা যাবে শামিকে
কিন্তু তারপর বাকি ইনিংসজুড়ে তিনি ব্যাটিং করেন ৪০০-এর বেশি স্ট্রাইক রেট সহ। ২৮ বলে সম্পূর্ণ করেন শতরান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে নিজের ৫৯ বলে দেড়শো রানের গণ্ডি ছোঁয়ার লিস্ট ‘এ’ ক্রিকেট রেকর্ড নিজের হাতেই ভেঙে ৪০ বলে দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যান। এরপর নিজের ইনিংসের ৫২ তম বলে তিনি দ্বিশতরানের মাইলফলক ছুঁয়ে ফেলেন।












