বাংলা হান্ট ডেস্ক : বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেনে যাত্রী পরিষেবার ক্ষেত্রে এবার খাবার সরবরাহের নিয়মে পরিবর্তন আনতে চলেছে রেল। বিলাসবহুল ট্রেনের টিকিটের জন্য মোটা টাকা খরচ করেও খাবার নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। সেই পরিস্থিতি সামাল দিতেই খাবারের তালিকা নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে IRCTC। একাধিক পদের বদলে অল্প কয়েকটি খাবার পরিবেশনের পরিকল্পনা করা হয়েছে।
বন্দে ভারতে (Vande Bharat) খাবারের মেনুতে কাটছাঁট
রেলের যুক্তি, খাবারের সংখ্যা কমলে রান্না থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত প্রতিটি ধাপে গুণমান বজায় রাখা সহজ হবে। তবে এই সিদ্ধান্তে যাত্রীদের খাবারের পছন্দ কতটা সীমিত হয়ে যাচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন ব্যবস্থাটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দে ভারত স্লিপার রুটে। হাওড়া-কামাখ্যা, নয়াদিল্লি-বারাণসী এবং মুম্বই-বেঙ্গালুরু রুটে এই পরিবর্তিত পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। আগে যাত্রীদের সামনে খাবারের ৮ থেকে ১০টি বিকল্প রাখা হলেও এখন সেই সংখ্যা কমিয়ে চারটিতে নামিয়ে আনা হচ্ছে।

সকালের খাবারের ক্ষেত্রে এবার দক্ষিণ ভারতীয় পদগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন তালিকায় ইডলি ও বড়ার সঙ্গে সাম্বার এবং চাটনি পরিবেশন করা হবে। পাশাপাশি যাত্রীদের জন্য বিকল্প হিসেবে থাকছে পোহা কিংবা উপমা। ফলে আগের মতো একইসঙ্গে নানা ধরনের খাবার বেছে নেওয়ার সুযোগ থাকছে না। আগে সকালের জলখাবারের সঙ্গে স্যুপ, অমলেট, স্যান্ডউইচ, বাটারমিল্ক ও চকোলেটের মতো অতিরিক্ত খাবারও দেওয়া হত। নতুন তালিকায় এই পদগুলি বাদ পড়ছে।
আরও পড়ুন : ভূস্বর্গে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! ৩৭ বছরে এই প্রথম কাশ্মীরে ‘নিশ্চিহ্ন’ স্থানীয় জঙ্গি
দুপুর এবং রাতের খাবারেও একইভাবে কাটছাঁট করা হয়েছে। এবার থেকে মূল খাবার হিসেবে ভাত, রুটি ও ডাল দেওয়া হবে। এর সঙ্গে থাকবে একটি নির্দিষ্ট প্রধান পদ। যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী চিকেন অথবা নিরামিষ খাবার নিতে পারবেন। আগের মতো একাধিক তরকারি কিংবা অতিরিক্ত পদ রাখার পরিকল্পনা নেই।আগের খাবারের প্যাকেটে মূল পদের পাশাপাশি শুকনো সবজি, দই, স্যালাড, আচার এবং মিষ্টিও থাকত। নতুন নিয়মে এই সহযোগী খাবারগুলি সরিয়ে দেওয়া হচ্ছে।
বন্দে ভারত ট্রেনে খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমা পড়ছে। যাত্রীদের একাংশের বক্তব্য, বেশি ভাড়া দিয়ে টিকিট কাটার পরেও অনেক সময় খাবার ঠান্ডা অবস্থায় পরিবেশন করা হয়। কখনও খাবারের স্বাদ নিয়ে অসন্তোষ তৈরি হয়, আবার পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন ওঠে। IRCTC-র কাছে এই ধরনের অভিযোগ ক্রমশ বাড়তে থাকায় বিকল্প ব্যবস্থা খোঁজার প্রয়োজন দেখা দেয়।
রেল কর্তৃপক্ষের মতে, ট্রেনের ভিতরে রান্না ও খাবার রাখার জায়গা অত্যন্ত সীমিত। সেই সীমিত পরিসরে অনেক ধরনের পদ তৈরি করতে গিয়ে কর্মীদের উপর অতিরিক্ত চাপ পড়ে। পর্যাপ্ত কর্মীর অভাবও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ফলে সব খাবার একই মানে তৈরি ও পরিবেশন করা সম্ভব হয় না। এই সমস্যা কমাতেই বিমান সংস্থাগুলির মতো সীমিত খাবারের তালিকা অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মেন্যু চালুর পাশাপাশি খাবারের মোট ওজনও কমানো হয়েছে। আগে যেখানে একটি খাবারের প্যাকেটের ওজন প্রায় ৭০০-৭৫০ গ্রাম থাকত, এখন তা কমিয়ে ৪৫০-৫০০ গ্রাম করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, খাবারের পরিমাণ কমলে যাত্রীদের প্রয়োজন মিটবে কি না। তবে IRCTC জানিয়েছে, মূল খাবারের প্রতিটি পদের পরিবেশন ছোট করা হয়নি। বরং আগে যে অতিরিক্ত পদগুলি দেওয়া হত, সেগুলি বাদ যাওয়ার ফলেই মোট ওজন কমেছে।












