বাংলা হান্ট ডেস্ক : কলকাতার (Kolkata) রাস্তায় প্রতিদিনের যানজট শুধু নিত্যযাত্রীদের দুর্ভোগই বাড়ায় না, শহরের স্বাভাবিক গতিও থামিয়ে দেয়। এই সমস্যা মোকাবিলায় এবার শহরের পরিবহণ মানচিত্রে বড় পরিবর্তন আনার প্রস্তাব সামনে আনল কেন্দ্র। কলকাতার চারপাশ দিয়ে দীর্ঘ রিং রোড তৈরি করে যানবাহনের চাপ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র গঙ্গাসাগরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ গড়ে তোলার উদ্যোগও ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি।
কলকাতার (Kolkata) যানজট কমাতে মেগা পরিকল্পনা
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেন গড়করি। সেখানেই কলকাতার ভবিষ্যৎ পরিবহণ ব্যবস্থা নিয়ে কেন্দ্রের ভাবনার কথা জানান তিনি। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, শহরকে ঘিরে প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এই প্রসঙ্গে গড়করি বলেন, “যখন দিল্লিতে শুভেন্দু অধিকারী এসেছিলেন সেই সময়েই বলেছিলাম কলকাতাকে দূষণ এবং যানজটমুক্ত করতে পরিকল্পনা তৈরি করুন। আজ আমি এখান থেকে ঘোষণা করছি কলকাতায় ২৫০ কিলোমিটারের ১৪ হাজার কোটি টাকার রিং রোড তৈরির।” তাঁর কথায়, প্রস্তাবিত প্রকল্পকে কলকাতার পরিকাঠামো উন্নয়নের প্রথম ধাপ হিসেবেই দেখা উচিত। আগামী দিনে আরও কিছু উদ্যোগ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন : বন্দে ভারত স্লিপারে আর মিলবে না আগের মতো খাবার! মেন্যুতে বড় পরিবর্তন IRCTC-র
শুধু প্রচলিত রিং রোড তৈরি নয়, কলকাতার জন্য বহুতল সড়ক পরিকাঠামোর মডেলও বিবেচনা করার কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। দিল্লি ও মুম্বইয়ের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দিল্লি, মুম্বইকে আমরা উন্নত শহর হিসাবে তৈরি করেছি। এবার কলকাতার পালা।” চেন্নাই ও পুণেতে একই স্তম্ভের উপর একাধিক স্তরে রাস্তা এবং মেট্রো চলাচলের পরিকাঠামো তৈরির উদাহরণ দেন তিনি। তাঁর কথায়, “চেন্নাই-পুণেতে এক একটি পিলারে চারটে করে ব্রিজ তৈরি করা হয়েছে। নিচে রাস্তা, উপরে ফ্লাইওভার তার উপরে ফের ফ্লাইওভার, রয়েছে মেট্রোও। কলকাতার জন্যেও এই মডেল বেছে নিতে হবে।”
এই ধরনের ব্যবস্থা কার্যকর হলে সীমিত জায়গার মধ্যেই একাধিক স্তরে যান চলাচলের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি মেট্রো নেটওয়ার্কের বিস্তারেও সুবিধা হবে বলে তাঁর মত। এদিকে, গঙ্গাসাগরে যাতায়াতের সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেও পদক্ষেপের কথা জানিয়েছেন গড়করি। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর আবেদনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “গঙ্গাসাগরকে সড়কপথে জুড়তে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মেনে গঙ্গাসাগরের জন্য বিশেষ রাস্তা তৈরি করা হবে। ফলে গোটা দেশ থেকে আসা পুণ্যার্থীদের সুবিধা হবে।” প্রকল্পের কাজ দ্রুত শুরু করার আশ্বাসও দিয়েছেন তিনি। পরিকল্পনা বাস্তবের রাস্তায় কত দ্রুত রূপ পায়, সেটাই এখন দেখার।












