সরকারি স্কুলের শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ! স্কুলে স্কুলে পাঠানো হল নির্দেশিকা

Published on:

Published on:

Samagra Shiksha Mission organizing online training for School teachers on AI use

বাংলা হান্ট ডেস্কঃ সময়ের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনাতেও প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এবার স্কুলের শ্রেণিকক্ষে পড়ানোর সময় কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের ব্যবহার বাড়াতে সরকারি স্কুলের শিক্ষকদের (School Teachers) জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে নির্দেশিকা জারি করেছে সমগ্র শিক্ষা মিশন (Samagra Shiksha Mission)।

সরকারি স্কুলের শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি | (School Teachers)

গত ২৩ নভেম্বর সমগ্র শিক্ষা মিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছে, আগামী ৫ ডিসেম্বর অনলাইনে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। দুপুর ১টা থেকে প্রশিক্ষণ শুরু হবে।

School teachers

রাজ্যের সকল জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে পাঠানো এই নির্দেশিকায় বলা হয়েছে, যেসব সরকারি স্কুলের শিক্ষক ক্লাসে পড়ানোর সময় কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী, তাঁদের এই অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে জানাতে হবে।

আরও পড়ুনঃ ফ্লাইওভারের উপর থাকবে ফ্লাইওভার, তারও উপরে মেট্রো! কলকাতার বুকে চারতলা রাস্তার ঘোষণা গড়করির

তবে প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদানের আগে ইচ্ছুক শিক্ষকদের নিজেদের প্রয়োজনীয় তথ্য জমা করতে হবে। এর জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে গুগল ফর্মের লিঙ্ক পাঠিয়ে দিতে বলা হয়েছে। আগ্রহী শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে ইতিমধ্যে স্কুলে স্কুলে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই বিষয়ে সমগ্র শিক্ষা মিশনের এক আধিকারিক বলেন, একটি সংস্থার মাধ্যমে শিক্ষকদের এই অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে। শ্রেণিকক্ষে পড়ানোর সময় কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে পড়াশোনাকে আরও বেশি মনোগ্রাহী করে তোলার চেষ্টা করা হবে। পদার্থবিদ্যা, জীববিদ্যা, ভূগোলের মতো বিষয়গুলি যদি প্রযুক্তির সাহায্যে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা যায় তাহলে তাঁদের আগ্রহ বৃদ্ধি পাবে। তার আগে শিক্ষক শিক্ষিকাদের এর ব্যবহার সম্পর্কে অবহিত করতে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সমগ্র শিক্ষা মিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তবে তাঁর প্রশ্ন, স্কুলগুলির শ্রেণিকক্ষে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার মতো পরিকাঠামো আছে তো? নাহলে এই প্রশিক্ষণ শুধু খাতায়-কলমে থেকে যাবে। ফলে এই বিষয়টিও নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে বলে দাবি করেন তিনি।

বিগত কয়েক বছরে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যাপক বেড়েছে। এবার স্কুলের শ্রেণিকক্ষে পড়ানোর সময় এর ব্যবহার বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে সমগ্র শিক্ষা মিশন। এই কর্মসূচি অনলাইনে হওয়ায় শিক্ষকদের যোগদান করতেও সমস্যা হওয়ার কথা নয়।