স্বামীর চেয়ে বেশি বেতন, তবু খোরপোশের দাবি! স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা হাইকোর্টের

Published on:

Published on:

Calcutta High Court imposes fine on wife over alimony case

বাংলা হান্ট ডেস্ক : খোরপোশের মামলা করে স্বামীর কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার আশা করেছিলেন এক মহিলা। কিন্তু শুনানির সময় তাঁর নিজের উপার্জনের হিসাব সামনে আসতেই মামলার মোড় ঘুরে যায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। জানা যায়, স্বামীর চেয়েও বেশি আয় করেন তিনি। অথচ আদালতে নিজের চাকরি ও রোজগারের কথা উল্লেখ করেননি ওই মহিলা। এই তথ্য গোপন রাখার বিষয়টি বিচারপতির নজরে আসার পর আর্থিক সাহায্যের আবেদন খারিজ হওয়ার পাশাপাশি জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে।

খোরপোশ মামলায় হাইকোর্টের(Calcutta High Court) বড় রায়

বুধবার এই মামলায় রায় দেন বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস। মামলার নথি খতিয়ে দেখতে গিয়ে আদালতের সামনে আসে, অভিযুক্ত মহিলা একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। অর্থাৎ সংসার চালানোর জন্য তিনি নিজেও নিয়মিত উপার্জন করেন। শুধু তাই নয়, তাঁর আয় স্বামীর উপার্জনের তুলনায় বেশি। অথচ খোরপোশ চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সময় নিজের আর্থিক সামর্থ্যের বিষয়টি প্রকাশ করেননি তিনি। এই তথ্য সামনে আসার পর মামলার ভিত্তি নিয়েই প্রশ্ন তৈরি হয়।

Calcutta High Court imposes fine on wife over alimony case

শুনানিতে মহিলার শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। তাঁর ডিগ্রি বি-টেক এবং এমসিএ। বিচারপতির পর্যবেক্ষণ, এত উচ্চশিক্ষিত একজন ব্যক্তির পক্ষে নিজের আইনজীবীর মাধ্যমে আদালতে জমা দেওয়া হলফনামার বিষয়বস্তু না জানা বিশ্বাসযোগ্য নয়। সেখানে নিজের চাকরি ও উপার্জন সম্পর্কে তথ্য না থাকার বিষয়টি নিছক ভুল বলে মেনে নিতে রাজি হয়নি আদালত। বরং বিচারপতির মতে, নিজের প্রকৃত আর্থিক অবস্থার কথা জেনেশুনেই আড়াল করেছিলেন ওই মহিলা।

আরও পড়ুন : কলকাতার চারপাশে ২৫০ কিমির রিং রোড! ১৪ হাজার কোটি খরচে বদলে যাবে শহরের পরিবহণ ব্যবস্থা

আদালতের কাছে প্রয়োজনীয় তথ্য গোপন করে মামলায় সুবিধা পাওয়ার চেষ্টা করায় ক্ষুব্ধ বিচারপতি। খোরপোশের আবেদন বিবেচনার ক্ষেত্রে দুপক্ষের আয় ও আর্থিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় নিজের উপার্জনের কথা চেপে যাওয়াকে আদালতকে বিভ্রান্ত করার প্রচেষ্টা হিসেবেই দেখা হয়েছে। ফলে মহিলার দাবি মেনে স্বামীর কাছ থেকে খোরপোশ দেওয়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি। উল্টে, ভুল তথ্য পেশের জন্য তাঁকে ২০ হাজার টাকা জরিমানা জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস।

উল্লেখ্য, খোরপোশের দাবি জানালেই আদালত আর্থিক সহায়তার নির্দেশ দেবে, এমন নয়; আবেদনকারীর নিজের উপার্জন এবং প্রকৃত আর্থিক অবস্থাও বিবেচনায় নেওয়া হয়। বিশেষ করে হলফনামায় ভুল তথ্য দেওয়া বা গুরুত্বপূর্ণ বিষয় গোপন রাখলে তার দায় এড়ানো যায় না।