বাংলাহান্ট ডেস্ক: আরও ৪৩৫ টি নতুন বাস (WBTC Bus) নামতে চলেছে শহরের রাস্তায়। তবে তার আগে বিস্তারিত রুট সমীক্ষা করবে রাজ্য পরিবহণ দফতর। কোন রুটে কত যাত্রী যাতায়াত করেন, কোন ধরণের বাস চালানো দরকার, কোথায় কত আসনের গাড়ি চালানো উচিত, সেসব খতিয়ে দেখেই তারপর চূড়ান্ত বরাদ্দ করা হবে।
নতুন বাস (WBTC Bus) নামানোর সিদ্ধান্ত পরিবহণ দফতরের
বর্তমানে WBTC তে অনেক পুরনো বাস চলাচল করছে। কিন্তু কলকাতা, হাওড়া, সল্টলেক, নিউটাউন সহ শহরতলির বিভিন্ন রুটে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এই অবস্থায় নতুন আরও বাস নামানোর সিদ্ধান্ততে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

কোন রুটে চলবে: নতুন বাসগুলি চালু হলে একাধিক বন্ধ হয়ে যাওয়া শহরতলির রুটে পরিষেবা ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, কলকাতার কেন্দ্রীয় অংশের সঙ্গে হাওড়া ও শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিকে উত্তর ও দক্ষিণ শহরতলির সঙ্গে যুক্ত করার উপরে জোর দেওয়া হবে। যে সমস্ত এলাকায় মেট্রো পরিষেবা এখনও পৌঁছায়নি, সেখানে বাসের (WBTC Bus) মাধ্যমে যাতায়াতের সুবিধা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে। সল্টলেক, নিউটাউন, রাজারহাটের মতো ব্যস্ত আইটি এলাকাগুলিতে বাস সংখ্যা ও পরিষেবা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
আরও পড়ুন : স্টিমার নেই? কুছ পরোয়া নেই, প্রেশার কুকারেই হবে দোকানের মতো মোমো
কোন কোন বাস নামবে: পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত ৪৩৫ টি গাড়ির মধ্যে রয়েছে ১৫২ টি এসি ইলেকট্রিক বাস, ২০৬ টি নন এসি সিএনজি বাস, ৪০ টি নন এসি ডিজেল মিনিবাস এবং ৩৭ টি ভলভো কোচ।
আরও পড়ুন : পুষ্টিগুণে ভরপুর, এভাবে বানান মাটনের মেটে চচ্চড়ি, ভাত-রুটির সঙ্গে জমে যাবে
এই নতুন বাসগুলি চালু হলে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা কিছু শহরতলির রুটে পরিষেবা ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সমীক্ষার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।












