‘উন্নয়নের প্রতি বিমুখ ডাবল ইঞ্জিন সরকার’! রাজ্যকে নিশানা করে বিস্ফোরক অভিষেক

Published on:

Published on:

Abhishek Banerjee slams Government of West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে উঠেছে বহু বিস্ফোরক অভিযোগ। এবার সেই সূত্রেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজ্য সরকার (Government of West Bengal) ও এক শ্রেণির সংবাদমাধ্যমকে নিশানা করেন তৃণমূল সাংসদ।

রাজ্যকে নিশানা করে বিস্ফোরক অভিষেকের | (Abhishek Banerjee)

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন লেখেন, “আমার মনে হয়, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার প্রকৃত নাগরিকদের কাছে আয়ুষ্মান ভারত, লক্ষ্মীর ভাণ্ডারের (অন্নপূর্ণা যোজনা) সুবিধা পৌঁছে দেওয়ার থেকে আমার বিরুদ্ধে এফআইআর করতে বেশি সময় খরচ করেছে।“

আরও পড়ুনঃ মাসে মাসে হাতে আসতে পারে ২০-৩০ হাজার! ৩ মাসের এই ট্রেনিং কোর্সের খুঁটিনাটি জানুন

নিজের পোস্টে সংবাদমাধ্যমের একাংশকেও নিশানা করেন অভিষেক। তিনি লেখেন, “গণমাধ্যমের একাংশ এই রাজনৈতিক প্রতিহিংসাকে আরও উস্কে দিচ্ছে এবং ক্ষমতাসীনদের হাতের পুতুল হওয়ার জন্য আনন্দে সাংবাদিকতার আদর্শ-নীতি বিসর্জন দিচ্ছে।“

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টঃ ক্লিক করুন

তৃণমূল সাংসদ দাবি করেন, বিনামূল্যে মেডিক্যাল চেক-আপ, কোভিড পরীক্ষা, রাস্তা নির্মাণ, ডায়মন্ড হারবারে উন্নয়ন সহ তাঁর নানা জনসেবামূলক কাজগুলিকে নিশানা করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিছু ব্যক্তি এফআইআরগুলি দায়ের করছেন। তিনি লেখেন, “আমি কখনও কল্পনাও করিনি, তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার উন্নয়ন ও ভালো কাজের এতখানি বিমুখ হবে।“

পোস্টের শেষে অভিষেক জানিয়েছেন, এসব করে তাঁকে ভয় দেখানো কিংবা থামানো যাবে না। বরং জনগণ যে কাজের জন্য তাঁকে নির্বাচন করেছেন, তিনি সেগুলি চালিয়ে যাবেন।

Abhishek Banerjee

তৃণমূল সাংসদ লেখেন, “গণমাধ্যমে আমার বন্ধু সহ তাঁদের উদ্দেশে আমার শুধু একটাই কথা বলার আছে, এসব কৌশলে আমায় ভয় দেখানো কিংবা আমার কাজের গতি কমানো যাবে না। আপনারা যা পারেন করুন। আমি যে কাজের জন্য নির্বাচিত হয়েছি, আমি তা চালিয়ে যাব।“