বাংলাহান্ট ডেস্ক: আজ শোনাবো মহারাষ্ট্রের (Maharashtra) প্রতীক সন্দীপ কাটকারের (Pratik Sandeep Katkar) সাফল্যের কাহিনি (Success Story)। বাবাকে হারিয়েছিলেন মাত্র ১০ বছর বয়সে। তখন তিনি পঞ্চম শ্রেণির ছাত্র। মাথার উপর থেকে বাবার ছায়া সরে যাওয়ার পর সংসারের যাবতীয় দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে। দুই ছোট ভাইকে নিয়ে শুরু হয় কঠিন লড়াই। কিন্তু আর্থিক অনটন কিংবা প্রতিকূল পরিস্থিতি কোনও কিছুই ছেলের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে দেননি মা। সেই মায়ের ত্যাগ, পরিশ্রম আর লড়াইকে সম্বল করেই আজ ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হওয়ার স্বপ্ন পূরণের পথে মহারাষ্ট্রের প্রতীক সন্দীপ কাটকার।
প্রতীক সন্দীপ কাটকারের সাফল্যের কাহিনি (Success Story):
মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা প্রতীকের জীবনের গল্প যেন লড়াইয়ের এক অনন্য উদাহরণ। বাবার মৃত্যুর পর সংসার চালানোর পাশাপাশি তিন সন্তানের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায়, তার জন্য একাধিক কাজ করেছেন তাঁর মা। নিজের কষ্ট কখনও সন্তানদের বুঝতে দেননি। মায়ের এই লড়াই প্রতীককে আরও জেদি করে তোলে। পড়াশোনায় বরাবরই মেধাবী প্রতীক একের পর এক রাজ্য ও জাতীয় স্তরের বৃত্তি অর্জন করেন। এমটিএস এবং এনএমএমএসের মতো পরীক্ষাতেও সাফল্য আসে তাঁর ঝুলিতে (Success Story)।
আরও পড়ুন: যুদ্ধে ইরানের পাশে কিম জং উনের দেশ! তেহরানের জন্য লঞ্চ প্যাড তৈরি করবেন উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা
দশম শ্রেণিতে ভালো ফল করার সুবাদে ছত্রপতি সম্ভাজিনগরের সৈনিক প্রিপারেটরি ইনস্টিটিউটে (এসপিআই) পড়ার সুযোগ পান প্রতীক। ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হওয়ার স্বপ্নকে বাস্তবের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি ছিল তাঁর জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও প্রশিক্ষণ এবং পড়াশোনায় কোনও খামতি রাখেননি তিনি।
২০২১ সালে ইউপিএসসি আয়োজিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও নেভাল অ্যাকাডেমি পরীক্ষায় (এনডিএ ও এনএ পরীক্ষা ২) বসেন প্রতীক। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সার্ভিসেস সিলেকশন বোর্ডের (এসএসবি) কঠিন বাছাই প্রক্রিয়াতেও সফল হন। চূড়ান্ত মেধাতালিকায় ১৮০০-র মধ্যে ৭৮৫ নম্বর পেয়ে ৩১৭তম স্থান অর্জন করেন তিনি। এরপর এনডিএতে সুযোগ পেয়ে শুরু হয় তিন বছরের কঠোর সামরিক ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ।

আরও পড়ুন: আমেরিকার ওপরেও চাপানো হোক ২৫ শতাংশ শুল্ক! প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে আর্জি ব্যবসায়ীদের
২০২৫ সালে এনডিএ-র ১৪৮তম রেগুলার কোর্স সম্পূর্ণ করেন প্রতীক। একই বছরের জুলাই মাসে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে (আইএমএ) ১৫৮তম রেগুলার কোর্সে যোগ দেন তিনি। সেখানেও চলছে সেনা অফিসার হওয়ার প্রস্তুতি। আইএমএ-র ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতীকের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর মায়ের দীর্ঘদিনের লড়াই। ছেলের স্বপ্ন পূরণ করতে যিনি নিজের সমস্ত প্রতিকূলতাকে জয় করেছেন, আজ তাঁর সেই ত্যাগই প্রতীকের সবচেয়ে বড় প্রেরণা (Success Story)।












