বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে ‘ভার্গবাস্ত্র’-এর (Bhargavastra) ডেভেলপমেন্ট ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি ভারতের (India) প্রথম দেশীয়ভাবে ডিজাইন ও তৈরি করা দ্বি-স্তরবিশিষ্ট, যানবাহনে স্থাপনযোগ্য কাউন্টার-সোয়ার্ম ড্রোন সিস্টেম। অর্থাৎ, ড্রোন হামলার বিরুদ্ধে ভারতের এয়ার ডিফেন্সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। এই ড্রোন সিস্টেমটি (Counter Drone System) সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড তথা SDAL দ্বারা তৈরি করা হয়েছে। জানিয়ে রাখি যে, এই সিস্টেমটি শত্রু ড্রোন, বিশেষত একাধিক ড্রোনের হামলা প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে এবং এটি একইসঙ্গে আকাশে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি আকাশপথে আসা হুমকি প্রতিহত ও ধ্বংস করতে দেশীয়ভাবে তৈরি বিনা গাইডের রকেট এবং নির্ভুল মাইক্রো-মিসাইলের কম্বিনেশন ব্যবহার করে।
পোখরানে সফল ট্রায়াল ভারতের ‘ভার্গবাস্ত্র’-এর (Bhargavastra):
শত্রু ড্রোনকে কীভাবে ধ্বংস করে: উল্লেখ্য যে, ‘ভার্গবাস্ত্র’-এর দ্বি-স্তরীয় ডিজাইন এটিকে বিভিন্ন ধরণের ড্রোন হুমকি মোকাবিলায় ভিন্ন ভিন্ন অস্ত্র ব্যবহার করার সুযোগ দেয়। এই সিস্টেমটি একটি হার্ড-কিল পদ্ধতি ব্যবহার করে। যার অর্থ হল, এটি কমিউনিকেশন সিগন্যাল জ্যাম করা বা নেভিগেশন সিস্টেমে ব্যাঘাত ঘটানোর মতো ইলেকট্রনিক পদ্ধতির ওপর নির্ভর না করে শত্রু ড্রোনকে ফিজিক্যালি ধ্বংস করে। এটি সেই সব অটোনোমাস ড্রোনের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর যেগুলি কমিউনিকেশন লিঙ্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।

ভার্গবাস্ত্র কীভাবে ড্রোন শনাক্ত করে: ‘ভার্গবাস্ত্র’-এর কমান্ড ও কন্ট্রোল সেন্টারটি সিস্টেমের মস্তিষ্ক হিসাবে কাজ করে যা একাধিক সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে আকাশপথে আসা হুমকি শনাক্ত ও ট্র্যাক করে। এই সিস্টেমে একটি রাডার রয়েছে যা ১০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ড্রোন শনাক্ত করতে সক্ষম। এছাড়াও এতে একটি ইলেক্ট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড (EO/IR) সার্ভিল্যান্স সিস্টেম এবং প্যাসিভ রেডিও ফ্রিকোয়েন্সি (RF) সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রযুক্তি ড্রোনের উপস্থিতি শনাক্ত করতে এবং সেগুলির গতিবিধি অনুসরণ করতে ও হুমকি চিহ্নিত করতে সাহায্য করে।
আরও পড়ুন: চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ জানালেন নোয়েল! টাটা গ্রুপের ‘লড়াই’ পৌঁছে গেল আদালতে
একবার একটি বা এক ঝাঁক ড্রোন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ‘ভার্গবাস্ত্র’-এর কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সিস্টেম তথ্যটি বিশ্লেষণ করে এবং অপারেটরদেরকে আকাশপথে হুমকিটির একটি রিয়েল-টাইম চিত্র প্রদান করে। এর ফলে এটি লঞ্চারটিকে একটি লক্ষ্যবস্তু সরবরাহ করতে পারে। যা সিস্টেমটিকে ধেয়ে আসা ড্রোনটিকে ধ্বংস করার সুযোগ করে দেয়। এটি ৬৪ টি মাইক্রো রকেটের গোলাবর্ষণের মাধ্যমে একই সময়ে ড্রোনের ঝাঁককে টার্গেট করতে সক্ষম।
প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা যায়: যানবাহন দ্বারা বহন করা সক্ষম ‘ভার্গবাস্ত্র’-এর সবচেয়ে বড় সুবিধা হল, এটিকে অভিযান অনুযায়ী চাহিদা মেটাতে প্রয়োজনমতো পরিবহণ ও মোতায়েন করা যায়। মরুভূমি থেকে শুরু করে সমভূমি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,০০০ মিটার উচ্চতা পর্যন্ত বিভিন্ন ভৌগোলিক পরিস্থিতিতে কাজ করার জন্য এটিকে ডিজাইন করা হয়েছে। এমতাবস্থায়, এটি ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় মোতায়েন করা যেতে পারে।












