বাংলা হান্ট ডেস্কঃ শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্তে পার্কিংয়ের (Parking) সমস্যা দেখা যায়। অনেক সময় চোখে পড়ে, রাস্তার ধারে কিংবা অলিগলিতে পরপর দাঁড়িয়ে রয়েছে গাড়ি। এবার সেই সমস্যা দূর করে পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পুজোর আগেই কলকাতার পার্কিংয়ে বড় বদল আনার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
পার্কিং নিয়ে কড়াকড়ির ঘোষণা অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
শুক্রবার রাজ্যের মন্ত্রী জানান, শহর কলকাতার পার্কিং ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট দফতর ও পুলিশের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুরনিগম এলাকায় প্রায় ১৫ হাজার বৈধ পার্কিং চিহ্নিতকরণ হয়েছে। সেগুলিকে নতুন করে টেন্ডারের অধীন আনা হবে।
আরও পড়ুনঃ পিঙ্ক কার্ড দেখালেই বাস ভাড়া ফ্রি! কোথা থেকে বানাবেন, কী কী নথি লাগবে জানুন
অগ্নিমিত্রা জানান, পার্কিং পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের পুরনিগমের তরফে নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র দেওয়া হবে। ফলে সহজেই তাঁদের চিনতে পারবে সাধারণ মানুষ।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, পার্কিং ব্যবস্থাকে ডিজিটাল করে তুলতেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই একটি পার্কিং অ্যাপ চালু করার পরিকল্পনা করছে রাজ্য। সেই অ্যাপের মাধ্যমে একাধিক কাজ করা যাবে। অনলাইনে পার্কিং ফি জমা দেওয়া থেকে শুরু করে শহরের কোন পার্কিংয়ে জায়গা রয়েছে সেটাও রিয়েল টাইমে দেখা যাবে। এর ফলে যানজট কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে পার্কিংয়ের ক্ষেত্রে কড়াকড়ি শুরু হচ্ছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে কেউ যদি নির্দিষ্ট পার্কিংয়ের বাইরে গাড়ি রাখেন তাহলে জরিমানা করবে পুলিশ। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই অঙ্কটা তুলনামূলক বেশি হবে। পাশাপাশি শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই সময় থেকেই রাস্তায় থুতু কিংবা ময়লা ফেললেও জরিমানা চালু করার পরিকল্পনা করা হয়েছে।
পার্কিং সংক্রান্ত সমস্যা রাজ্যবাসীর আজকের নয়। পুজো-পার্বণের সময় এই সমস্যা যেন আরও বেড়ে যায়। এবার তা দূর করতে উদ্যোগী রাজ্য সরকার। পুজোর আগেই শহরের পার্কিং ব্যবস্থায় আমূল বদলের ইঙ্গিত দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা।













