বাংলা হান্ট ডেস্ক : সাইকেল রাখা নিয়েই কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এসেছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বাজারের ভিতরে দোকানের সামনে একটি সাইকেল দেখে তাঁর আপত্তি ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর মন্ত্রীর মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলও শুরু হয়। এবার সেই কটাক্ষের জবাব দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
ট্রোলের জবাব দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)
মন্ত্রী জানিয়েছেন, তাঁর আপত্তি কোনও নির্দিষ্ট যানবাহনকে ঘিরে নয়। মূল সমস্যা হল, বাজারের ভিতরে দোকানের সামনে ইচ্ছেমতো সাইকেল, বাইক কিংবা গাড়ি রেখে দেওয়া। মন্ত্রীর কথায়, নির্দিষ্ট জায়গায় যানবাহন রাখার ব্যবস্থা থাকলে সেখানে না রেখে দোকানের সামনে পার্কিং করা উচিত নয়। অগ্নিমিত্রা বলেন, “বাজারের ভিতর সাইকেল ঢুকিয়ে রেখে দিচ্ছে। আমার বক্তব্য, যেখানে দোকান রয়েছে সেখানে সাইকেল রাখবেন না। আমায় ট্রোল করে বলছে, সাইকেল কী মাথায় রাখব? কেন মাথায় রাখবেন? বাজারের বাইরে তো পার্কিং রয়েছে সেখানে রাখুন।”
শহরের ফুটপাথ এবং বাজারের জায়গা কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও পুরমন্ত্রীর নজরদারি চলছে। তাঁর অবস্থান অনুযায়ী, পথচারীদের চলাচলের জায়গা দখল করে পার্কিং করা কিংবা অনুমতি ছাড়া দোকান বসানো কোনওভাবেই মেনে নেওয়া হবে না। নিয়ম অমান্য করলে জরিমানা করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে সাইকেল-কাণ্ডে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছিল, সেখানে মন্ত্রীর বক্তব্যের ধরনই সবচেয়ে বেশি নজর কেড়েছিল। বাজারের ভিতরে একটি সাইকেল নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে অগ্নিমিত্রাকে বলতে শোনা যায়, “সাইকেল টা কার?থানায় জমা নেব? বাজারের মধ্যে সাইকেল রাখার জায়গা? কী ভেবেছ যা খুশি তাই করবে? এটা আগের সরকার নয় যে একটা ঝান্ডা ধরে নিলাম তারপর যা খুশি তাই করব।” এই বক্তব্যের পর মন্ত্রীর উদ্দেশে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

আরও পড়ুন : জঙ্গলমহলে কুড়মিদের জন্য নতুন পরিকল্পনা! করম উৎসবে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
পুরসভার তরফে শহরের সৌন্দর্যায়ন এবং রাস্তা-ফুটপাথকে আরও ব্যবহারযোগ্য করার যে উদ্যোগের কথা বলা হচ্ছে, তারই অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন মন্ত্রী। কোথাও অনিয়ম চোখে পড়লে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয়দের কীভাবে জায়গাটি আরও গুছিয়ে ব্যবহার করা যায়, সেই পরামর্শও দেওয়া হচ্ছে। ট্রোলিংয়ের জবাব দিতে গিয়ে অগ্নিমিত্রা পাল বুঝিয়ে দিয়েছেন, বাজার বা রাস্তার জায়গা ইচ্ছেমতো ব্যবহার করার ক্ষেত্রে প্রশাসনের অবস্থান কঠোরই থাকবে।














