বাংলা হান্ট ডেস্কঃ শহর কলকাতার ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে একটি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট (Park Circus Seven Point)। এবার পুজোর আগে সেই রাস্তাই একেবারে নতুন রূপে সেজে উঠল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পাশাপাশি শহরবাসীর উদ্দেশেও বড় বার্তা দিয়েছেন তিনি।
নতুন রূপে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের ভিডিও শেয়ার অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
দুর্গাপুজোর মুখে একেবারে নতুন রূপে সেজে উঠেছে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট। রাস্তা জুড়ে লাল সাদা রঙের এক বিশাল আলপনা দেওয়া হয়েছে। তাতে যেন শহরের এই ব্যস্ততম রাস্তা এক নতুন রূপ পেয়েছে।
আরও পড়ুনঃ মহালয়ায় দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বৃষ্টির পূর্বাভাস! পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে জানুন
রাজ্যের পুরমন্ত্রী জানান, “বৃষ্টির মধ্যেও অনেক বাধাবিপত্তি কাটিয়ে রাস্তায় আলপনা আঁকা হয়েছে। যে কোনও শুভ কাজে লাল সাদা রঙে আলপনা দেওয়া হয়। আজ অবধি সেভেন পয়েন্ট কানেক্টরে এত বড় আলপনা কেউ করেনি।“
সাধারণ মানুষের উদ্দেশে অগ্নিমিত্রার আবেদন, “পার্ক সার্কাস সেভেন পয়েন্ট দিয়ে যারা যাবেন, তাঁরা এই আলপনা দেখে যাবেন। এখনও অবধি যেভাবে পাশে আছেন, সেভাবেই রাজ্য সরকারের পাশে থাকবেন।“
সোশ্যাল মিডিয়ায় এই সুবিশাল আলপনার ভিডিও শেয়ার করে পুরমন্ত্রী লিখেছেন, “বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নতুন রূপে সেজে উঠছে আমাদের প্রিয় কলকাতা। আজ পার্ক সার্কাস সেভেন পয়েন্ট মোড়ে সম্পন্ন হল এক বিশাল আলপনা, যা কলকাতার সৌন্দর্যে যোগ করল এক নতুন মাত্রা।“

রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় শহর কলকাতার সৌন্দর্যায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রিন্সেপ ঘাট থেকে রেড রোড অবধি সাজানো হয়েছে। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কেও এই বছর প্রথমবার পুজোর আয়োজন হচ্ছে।
এবার লাল সাদা রঙের সুবিশাল আলপনায় সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট। সেই ভিডিও শেয়ার করে শহরবাসীর উদ্দেশে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের আবেদন, “আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন।“













