বাংলা হান্ট ডেস্ক : সরকারি প্রকল্পে আবেদন নিয়ে নানা ধরনের সমস্যা। এবার জনসাধারণের সমস্যা মেটাতে বসতে চলেছে ‘সেবা সেতু ক্যাম্প'(Seva Setu Camp)। কৃষকবন্ধু বা PM-KISAN-এর মতো কৃষি প্রকল্প হোক কিংবা বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা—বিভিন্ন সরকারি পরিষেবা নিয়ে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে এবার মাঠে নামতে চলেছে রাজ্য প্রশাসন। অক্টোবরের শুরুতেই চালু হতে চলেছে বিশেষ ‘সেবা সেতু অভিযান’।
কবে কোথায় বসবে সেবা সেতু ক্যাম্প (Seva Setu Camp) ?
আগে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে ‘জনকল্যাণ শিবির’-এর মাধ্যমেও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেই ধরনেরই একটি নতুন কর্মসূচি হিসেবে এবার ‘সেবা সেতু ক্যাম্প’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন এই শিবির চলবে। এলাকার ধরন অনুযায়ী ক্যাম্পের স্থানও আলাদা হবে। গ্রামাঞ্চলের মানুষকে যেতে হবে তাঁদের সংশ্লিষ্ট ব্লক বা BDO অফিসে। পুরসভা এলাকার বাসিন্দাদের জন্য ব্যবস্থা থাকবে মিউনিসিপ্যালিটি বা পুরসভা দফতরে। আর পৌরনিগমের অন্তর্গত অঞ্চলে সংশ্লিষ্ট কর্পোরেশন এলাকাতেই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই কর্মসূচির মাধ্যমে একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্যার কথা সরাসরি জানানো যাবে বলে জানা যাচ্ছে।
কোনও প্রকল্পে আগে আবেদন করে, সুবিধা না পাওয়া গেলে সেই বিষয়টি প্রশাসনের নজরে আনা যাবে। পাশাপাশি যোগ্য ব্যক্তিরা নতুন করে বিভিন্ন প্রকল্পে আবেদন করার ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন। অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের কাছেও এই শিবির বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। ১৭ সেপ্টেম্বর ৩০০০ টাকা পাওয়ার কথা থাকলেও কারও অ্যাকাউন্টে সেই অর্থ না পৌঁছলে, কিংবা প্রকল্পের স্ট্যাটাসে দীর্ঘদিন কোনও পরিবর্তন না হলে, তাঁরা বিষয়টি নিয়ে ক্যাম্পে যেতে পারেন। সেখানে সমস্যাটি প্রশাসনের কাছে জানানোর সুযোগ থাকবে।

আরও পড়ুন : অন্যের নামে মান্থলি টিকিট বুকিং, RailOne অ্যাপে কীভাবে করবেন? জানুন
একইভাবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও সাহায্য মিলতে পারে। যাঁরা এখনও এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন করেননি, তাঁরা নতুন করে আবেদন করার বিষয়ে ক্যাম্পে যোগাযোগ করতে পারবেন।কৃষকবন্ধু এবং PM-KISAN, প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প, PM বিশ্বকর্মা, মুদ্রা ঋণ, আবাসন, স্বাস্থ্য পরিষেবা, শ্রম ও কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্পও এই উদ্যোগের আওতায় আসতে পারে। ফলে শুধু ভাতা নয়, সরকারি আর্থিক সহায়তা বা অন্যান্য পরিষেবা পেতে গিয়ে তৈরি হওয়া জটিলতাও প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ মিলবে।













