বাংলাহান্ট ডেস্ক: ইসরোর (ISRO) পিএসএলভি-সি৬২ মিশনের ব্যর্থতার আবহেই উঠে এল এক অপ্রত্যাশিত সাফল্যের গল্প। স্পেনের মহাকাশ স্টার্টআপ অরবিটাল প্যারাডাইম জানিয়েছে, তাদের ২৫ কেজি ওজনের পরীক্ষামূলক রি-এন্ট্রি ক্যাপসুল ‘কেস্ট্রেল ইনিশিয়াল ডেমনস্ট্রেটর’ (KID) উৎক্ষেপণের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কার্যত সফলভাবে কাজ করেছে। পিএসএলভি-সি৬২ থেকে আলাদা হওয়ার পর ক্যাপসুলটি সক্রিয় হয়ে ওঠে এবং পৃথিবীর দিকে গুরুত্বপূর্ণ টেলিমেট্রি ডেটা পাঠাতে সক্ষম হয়, যা বেসরকারি মহাকাশ উদ্যোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে।
PSLV-র ব্যর্থতার মাঝেই সাফল্য পেল ইসরো (ISRO)
অরবিটাল প্যারাডাইমের দাবি অনুযায়ী, ক্যাপসুলটি রকেটের চতুর্থ ধাপ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর চরম রি-এন্ট্রি তাপমাত্রা এবং প্রায় ২৮ জি ডেসেলারেশন সহ্য করে প্রায় তিন মিনিটেরও বেশি সময় ধরে তথ্য প্রেরণ করেছে। ফুটবল-আকারের এই প্রোটোটাইপ ভিতরের তাপমাত্রা, গতি ও চাপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডেটা পাঠিয়েছে। সংস্থাটি এক্স মাধ্যমে জানায়, “সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়েই কেস্ট্রেল ক্যাপসুল সফলভাবে চালু হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য পাঠিয়েছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিশ্লেষণমূলক রিপোর্ট প্রকাশ করা হবে।”
আরও পড়ুন:ব্যাটিংয়ের আগে কোন টোটকা ব্যবহার করেন বিরাট কোহলি? রাজকোট ODI-র আগে এল সামনে
১২ জানুয়ারি উৎক্ষেপিত পিএসএলভি-সি৬২ ছিল ২০২৬ সালে ইসরোর প্রথম মিশন। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত এই রকেটে ছিল ইসরোর ইওএস-এন১ (অণ্বেষা) নজরদারি উপগ্রহ, যা ডিআরডিও-র কৌশলগত প্রয়োজনের সঙ্গে যুক্ত। পাশাপাশি ছিল আরও ১৫টি সহ-যাত্রী উপগ্রহ, যার মধ্যে আয়ুলস্যাট, মরিশাস ও নেপালের আন্তর্জাতিক পে-লোডও অন্তর্ভুক্ত ছিল। তবে তৃতীয় ধাপের শেষ বার্নে অস্বাভাবিকতা দেখা দেওয়ায় রকেটটি নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয় এবং সব ক’টি উপগ্রহ হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানান, তৃতীয় ধাপে ‘ডেভিয়েশন’ ধরা পড়েছে এবং সংশ্লিষ্ট ডেটার বিশ্লেষণ চলছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে মিশনটিকে ব্যর্থ ঘোষণা করা হয়নি, তবুও পিএসএলভি-র মতো নির্ভরযোগ্য বাহনে এমন বিপর্যয় বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতির মধ্যেই কেস্ট্রেল ক্যাপসুলের কার্যকারিতা বিজ্ঞানী ও মহাকাশ গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

আরও পড়ুন: বিজেপির হয়ে কাজ করছেন ফোর্ট উইলিয়ামের কমান্ড্যান্ট! কেন এমন বিস্ফোরক দাবি মমতার?
বিশেষজ্ঞদের মতে, ফরাসি সংস্থা রাইড-এর সঙ্গে যৌথভাবে তৈরি এই ক্যাপসুল ভবিষ্যতে পুনর্ব্যবহারযোগ্য রি-এন্ট্রি প্রযুক্তি, স্যাটেলাইট সার্ভিসিং এবং ডি-অরবিটিং মিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অনিয়োজিত রি-এন্ট্রির সময় সংগৃহীত টেলিমেট্রি ডেটা গবেষণার জন্য অমূল্য সম্পদ। অন্যদিকে, ইসরোর সামনে এখন পিএসএলভি-র ৬৪তম অভিযানের এই সমস্যার কারণ খুঁজে বের করাই অগ্রাধিকার, বিশেষত গগনযান ও চন্দ্রযান-৪-এর মতো আসন্ন গুরুত্বপূর্ণ মিশনের আগে।












