বাংলা হান্ট ডেস্ক : অবৈধভাবে ভারতে বসবাসকারী নাগরিকদের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । অবৈধ বসবাসকারীদের ফেরত পাঠানোর লক্ষ্যে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশিদের নিবন্ধন, নজরদারি এবং ডিপোর্টেশন সংক্রান্ত কাজ আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে করা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্র।
অমিত শাহের (Amit Shah) নির্দেশে কী হবে এই অফিসে ?
অবৈধ বসবাসকারীদের নিজেদের দেশে ফেরানোর ঘোষণার পর এবার প্রশাসনিক স্তরে নেওয়া হল বড় পদক্ষেপ। আগামী বছরের মধ্যে দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে FRRO অফিস গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে যেসব এলাকায় এই অফিস নেই, সেখানে বিদেশিদের সংক্রান্ত বহু প্রশাসনিক প্রক্রিয়া স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়।
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ এবং আইন মেনে তাঁদের নিজ দেশে ফেরানোর ক্ষেত্রে বর্তমানে FRRO-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি রাজ্যে এই অফিস চালু হলে ডিপোর্টেশনের প্রশাসনিক প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করা যাবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দেশের বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা, বিদেশিদের প্রবেশ ও প্রস্থানের নিয়ম এবং ইমিগ্রেশন পরিকাঠামো নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকেই অমিত শাহ স্পষ্ট নির্দেশ দেন, দেশের সব রাজ্যে দ্রুত FRRO অফিস স্থাপনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমানে দেশে মাত্র ১২টি শহরে FRRO অফিস রয়েছে। বাকি অধিকাংশ জায়গায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারই FRRO-র দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন :কোভিডকালের বকেয়া মিলবে না! সরকারি কর্মীদের DA নিয়ে এবার নতুন আপডেট
উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তা নিয়েও কেন্দ্রের নজর আরও বাড়ছে। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, জনসংখ্যার বিন্যাসে পরিবর্তনের অভিযোগ এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অগ্রগতি নিয়ে বিস্তারিত বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে কেন্দ্রের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। FRRO-র পরিকাঠামো সম্প্রসারিত হলে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও অনেক দ্রুত নেওয়া সম্ভব হবে।













