বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আওতায় মাসিক আর্থিক সহায়তার টাকা না পাওয়ায় উদ্বেগে রয়েছেন বহু উপভোক্তা। অনেকেই ভাবছেন অন্নপূর্ণা যোজনার টাকা হয়তো তারা আর পাবেন না। তবে এই নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই সরকার এই সকল উপভোক্তাদের জন্য সমস্যার সমাধান বের করেছে। বহু উপভোক্তার অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখে রাজ্য সরকার জানতে পেরেছে, অধিকাংশ ক্ষেত্রেই সমস্যার নেপথ্যে রয়েছে আবেদনপত্রে থাকা তথ্যগত ত্রুটি।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম সংশোধন
এবার অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের জন্য চালু করা হচ্ছে ভুল সংশোধনের বিশেষ ব্যবস্থা, যাতে যোগ্য কেউ শুধুমাত্র নথিগত ভুলের জন্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন। নবান্ন সূত্রে খবর, গত মাসে অনেকের অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পাঠানো হলেও এই মাসে বহু আবেদনকারীর ক্ষেত্রে সেই অর্থ জমা পড়েনি।
পর্যালোচনায় দেখা যায়, বেশ কিছু আবেদনপত্রে দেওয়া তথ্য সরকারি নথির সঙ্গে মিলছে না। কোথাও নামের বানানে ভুল, কোথাও আধার বা রেশন কার্ডের তথ্য অসঙ্গত, আবার কোথাও ব্যাঙ্কের বিবরণে ত্রুটি রয়েছে। এসব সমস্যা দূর করার জন্যই সরকারি পোর্টালে আবেদন সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে।
যাচাইয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। বহু মহিলা আবেদনকারী নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে স্বামী বা পরিবারের অন্য কোনও পুরুষ সদস্যের অ্যাকাউন্টের তথ্য জমা দিয়েছেন। কিন্তু প্রকল্পের নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা শুধুমাত্র আবেদনকারীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠানো হয়। ফলে ওইসব ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাননি।
আবেদন সংশোধন করতে হলে প্রথমে অন্নপূর্ণা যোজনার সরকারি ওয়েব পোর্টালে ঢুকে আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল, সেই নম্বরের মাধ্যমে ওটিপি যাচাই করে লগ-ইন করতে হবে। লগ-ইন হওয়ার পর আবেদনকারী নিজের আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন এবং প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ পাবেন।এরপর প্রয়োজন অনুযায়ী নাম, আধার নম্বর, রেশন কার্ডের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ বা অন্যান্য নথির ভুল সংশোধন করে নতুন নথি আপলোড করতে হবে। সমস্ত তথ্য পুনরায় যাচাই করে আবেদন জমা দিলেই প্রশাসনের পক্ষ থেকে তা ফের পরীক্ষা করা হবে।

আরও পড়ুন : রাজ্যে প্রথম! বারুইপুর এনকাউন্টারে মৃত প্রভাসের ময়নাতদন্তের আগে কেন এক্স-রে হল জানেন?
সবকিছু ঠিক থাকলে পরবর্তী ধাপে আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। সরকারের লক্ষ্য, আগামী ১০ জুলাইয়ের মধ্যে সমস্ত আবেদন যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা। এরপর ধাপে ধাপে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পাঠানো হবে। একই সঙ্গে যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের জন্যও সুযোগ থাকছে। প্রশাসন জানিয়েছে, আগামী আগস্ট মাস পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা হবে।নথিতে সামান্য ভুল থাকলেই যাতে আর্থিক সহায়তা বন্ধ না হয়ে যায়, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ। তাই যাঁদের এখনও অন্নপূর্ণা যোজনার ভাতা মেলেনি, তাঁদের দ্রুত আবেদনপত্রের সব তথ্য মিলিয়ে দেখে সংশোধন করার কথা বলা হয়েছে।













