বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় কবে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান। রাজ্য সরকার জানিয়েছে, জুলাই মাস থেকেই বাংলায় শুরু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। সবচেয়ে বড় কথা, যাঁরা এখন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদেরও এই নতুন প্রকল্পের আওতায় আনা হবে। ফলে রাজ্যের প্রায় ৬ কোটি মানুষ এই সুবিধা পেতে চলেছেন। পাশাপাশি নতুন করেও আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।
আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে কারা পাবেন সুবিধা?
শনিবার স্বাস্থ্য বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যেই নাম নথিভুক্তির কাজ শুরু হয়ে গিয়েছে। জুলাই মাস থেকেই সাধারণ মানুষের হাতে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এখন যাঁরা স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাঁরা সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এতদিন অনেকের মনে প্রশ্ন ছিল, স্বাস্থ্যসাথী থাকলেই কি আয়ুষ্মান কার্ড মিলবে? কারণ কেন্দ্রের এই প্রকল্পে কিছু নিয়ম ও শর্ত রয়েছে। তবে এবার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্বাস্থ্যসাথীর সমস্ত উপভোক্তাকেই আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) আওতায় আনা হবে। সরকারের দাবি, প্রায় ৬ কোটি মানুষ এই সুবিধা পাবেন। এছাড়াও যাঁরা এখনও স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত নন, তাঁরাও নতুন করে আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করতে পারবেন।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রকল্পের চুক্তি হবে। সেখানে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকরা উপস্থিত থাকবেন। শুধু বাংলার মধ্যেই নয়, অন্য রাজ্যে থাকা পশ্চিমবঙ্গের বাসিন্দারাও এই স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ কলকাতা থেকে ট্রাম সরানো হচ্ছে কেন? বড় অভিযোগ বিজেপি বিধায়কের
এই প্রকল্পের (Ayushman Bharat) জন্য প্রায় ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে পুরো প্রক্রিয়া ধাপে ধাপে চালু করা হবে। প্রথমে স্বাস্থ্যসাথীর উপভোক্তাদের অন্তর্ভুক্ত করা হবে, পরে আরও নতুন মানুষকে এই প্রকল্পে যুক্ত করা হবে।













