বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) চালু হয়েছে। তবে এখনও এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে। আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat Card) না থাকলে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে? কার্ড হারিয়ে গেলেই বা কী হবে? এবার এইসব বিষয়ে নিয়ম কী বলছে জেনে নিন।
আয়ুষ্মান কার্ড হারিয়ে গেলে মিলবে না ফ্রি চিকিৎসা? | (Ayushman Bharat Card)
স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সুপারহিট প্রকল্পগুলির মধ্যে একটি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা। এই প্রকল্পের অধীন প্রত্যেক সুবিধাভোগীর জন্য একটি করে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়। হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে এই কার্ড অত্যন্ত জরুরি।
আরও পড়ুনঃ মিড ডে মিলে এলাহি ব্যাপার! পড়ুয়াদের কী কী খাবার দেবে ISKCON? রইল প্রস্তাবিত সাপ্তাহিক মেনু
তবে অনেক সময় দেখা যায়, আবেদন করা সত্ত্বেও কারও হাতে তখনও আয়ুষ্মান কার্ড এসে পৌঁছয়নি বা তাড়াহুড়োয় কার্ড না নিয়েই হাসপাতালে চলে গিয়েছেন। এমনটা হলেও অবশ্য চিন্তার কিছু নেই। কারণ আয়ুষ্মান কার্ড সঙ্গে না থাকলেও বিনামূল্যে চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হবেন না ওই উপভোক্তা।
আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পেতে হলে প্রথমে উপভোক্তাকে একটি রেজিস্টার্ড হাসপাতালে যেতে হবে। এরপর সেই হাসপাতালের আয়ুষ্মান মিত্র হেল্প ডেস্কে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। সেই আধিকারিককে নিজের আয়ুষ্মান কার্ড দিলে তিনি সব তথ্য যাচাই করে নেবেন। সব ঠিক থাকলে প্রকল্পের অধীন বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

তবে কোনও কারণে যদি আয়ুষ্মান কার্ড সঙ্গে না থাকলে তাহলে আয়ুষ্মান কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর হেল্প ডেস্কে জানাতে হবে। আধিকারিক সেই মোবাইল নম্বরের মাধ্যমে স্ট্যাটাস যাচাই করে বিনামূল্যে চিকিৎসার সুবিধা নিশ্চিত করবেন।
কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনার অধীন উপভোক্তারা বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান। অনেকেই ভাবেন, আয়ুষ্মান কার্ড সঙ্গে না থাকলে হয়তো ফ্রি চিকিৎসা করানো যায় না। যদিও সেই ধারণা ঠিক নয়। সেক্ষেত্রে সঠিক নিয়ম কী বলছে তা জানিয়ে দেওয়া হল।













