বাংলা হান্ট ডেস্কঃ হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু (Biman Bose)। শুক্রবার আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শনিবার দলের তরফে তাঁর শারীরিক অবস্থার আপডেট (Health Update) দেওয়া হয়েছে। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দলীয় নেতা, কর্মীরা।
এখন কেমন আছেন বিমান বসু? | (Biman Bose)
এদিন বামফ্রন্ট চেয়ারম্যানের শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি জানান, বিমানের পেসমেকার বসেছে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। দু-একদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ গত পাঁচ বছরের বার্থ সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত! বৈধতা যাচাই করবে সরকার
সেলিম আরও জানান, চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। দলীয় নেতৃত্বকে তাঁরা জানিয়েছেন, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন বিমান। চিন্তার কোনও কারণ নেই। তবে তাঁর সঙ্গে দেখাসাক্ষাৎ করায় আপাতত বারণ রয়েছে।
পার্টি সূত্রে জানা গিয়েছে, দিল্লি এইমস থেকে ছাড়া পাওয়ার পর বিমানকে কিছুদিন রাজধানীতেই রাখা হবে। এরপর চেকআপ করিয়ে ফের কলকাতায় নিয়ে আসা হবে। তবে প্রবীণ নেতার বয়স ৮৭ বছর। সেই কারণে তাঁর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকছেই।
প্রসঙ্গত, শুক্রবার দলের একটি কাজে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান। তবে বিমানে থাকাকালীনই সামান্য অসুস্থ বোধ করেন তিনি। দিল্লি পৌঁছনোর পর সোজা দলীয় কার্যালয়ে গিয়ে চিকিৎসককে দেখান। তিনি পরীক্ষা করে জানান, প্রবীণ নেতার শরীরে অক্সিজেনের অভাব ঘটেছে। অবিলম্বে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। এরপরেই বামফ্রন্ট চেয়ারম্যানকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়।

দিল্লি এইমসের চিকিৎসকেরা বিমানের পরীক্ষা করে জানান, তাঁকে অক্সিজেন দিতে হবে। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করিয়ে অক্সিজেন দেওয়া হয়। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিকে ৮৭ বছর বয়স হলেও শারীরিক দিক থেকে বেশ ফিট বিমান বসু। শৃঙ্খলাবদ্ধ জীবন ও পরিমিত আহারই তাঁর সুস্থতার চাবিকাঠি। জানা গিয়েছে, এর আগে রুটিন চেকআপেও চিকিৎসকেরা কোনও অস্বাভাবিকত্ব পাননি। তবে গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পেসমেকার বসানো হলেও প্রবীণ নেতা সুস্থ আছেন বলে জানিয়েছে বাম নেতৃত্ব।













