বাংলা হান্ট ডেস্কঃ জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। সেই জল গড়িয়েছিল আদালত অবধি। এবার সেই আদালতের নির্দেশ অমান্য করে গায়ের জোরে প্রতিবেশী কৃষক পরিবারকে জমি থেকে বের করে দেওয়ার অভিযোগ হিঙ্গলগঞ্জের বিজেপি (BJP) বিধায়ক রেখা পাত্রের (Rekha Patra) বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট) হয়েছে।
বিতর্কে বিজেপি বিধায়ক রেখা পাত্র | (Rekha Patra)
সন্দেশখালির বউঠাকুরণ এলাকায় হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়কের বাপের বাড়ি। সেখানে ৯ বিঘা জমি নিয়ে সুভাষ নস্কর নামে এক প্রতিবেশীর সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিবাদ। আদালত অবধি এই জল গড়িয়েছিল। এবার সেই প্রতিবেশীদেরই গা-জোয়ারি করে জমি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রেখার বিরুদ্ধে।
আরও পড়ুনঃ অভিষেকের আইনজীবী ‘তারিখ পে তারিখ’ চাওয়ায় অসন্তুষ্ট! এবার কড়া হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট
এই বিষয়ে সুভাষদের দাবি, তাঁরা আদালতের নির্দেশ মেনে জমিতে চাষবাস করছেন। কাগজ দেখিয়ে তাঁর দাবি, কোনও রকম বাধা এলে পুলিশকে দেখতে বলা হয়েছিল। তা সত্ত্বেও আদালতের নির্দেশ অমান্য করে তাঁদের জোর করে জমি থেকে বের করে দিয়েছেন রেখা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুভাষদের ওই বিতর্কিত জমি থেকে তুলে দিতে পুলিশ ও নিরাপত্তারক্ষী নিয়ে গিয়েছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। সেখানে দু’তরফের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। এরপর তা হাতাহাতি অবধি গড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে দেখে প্রথমে তাঁর নিরাপত্তারক্ষীরা সামাল দিতে যান। এরপর সেখানে উপস্থিত হয় সন্দেশখালি থানার পুলিশ।
ওই কৃষক পরিবারের অভিযোগ, ক্ষমতার জোরে পুলিশকে সামনে রেখেই তাঁদের জমি থেকে বের করে দেন রেখা। সুভাষের পরিবারের দুই সদস্যের দাবি, এই ঘটনার বিচার হোক। তাঁদের জমিতে তাঁদের কৃষিকাজ করতে দেওয়া হোক।
নস্কর পরিবারের বক্তব্য, তাঁরা আদালতের নির্দেশ মতো জমিতে চাষ করতে গিয়েছিলেন। রেখাই আদালতের নির্দেশ অমান্য করেছেন। এমনকি পুলিশের কথাও তিনি মানতে চাননি বলে অভিযোগ।

এই ঘটনা প্রসঙ্গে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, তিনি বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও শেষ অবধি তা হয়ে ওঠেনি। বিষয়টি না জেনে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে এই নিয়ে কোনও মন্তব্য করেননি রেখা।
সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্র এবারের বিধানসভা ভোটে জিতে হিঙ্গলগঞ্জের বিধায়ক হয়েছেন। এবার তাঁর বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। যদিও এই নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও অবধি পাওয়া যায়নি।













