বাংলা হান্ট ডেস্ক : পুজোর বাজারে নতুন জামাকাপড় কেনার খরচ নিয়ে চিন্তায় থাকা পরিবারগুলির জন্য এবার মাত্র ১০ টাকায় পোশাক কেনার ব্যবস্থা করল রাজ্য বিজেপি (BJP)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে রাজ্য বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
বিজেপির (BJP) উদ্যোগে ১০ টাকাতেই পাবেন পুজোর জামা
জেলার বিভিন্ন প্রান্তে অস্থায়ীভাবে তৈরি হবে ‘নমো মল’। সেখান থেকেই ১০ টাকায় পুজোর পোশাক কেনার সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। রাজ্য বিজেপির এই উদ্যোগের প্রথম কর্মসূচি হতে চলেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। পুজোর আগে দু’দিনের জন্য সেখানে বসবে এই অস্থায়ী বিপণি। মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
‘নমো মল’-এ সাধারণ শপিং মলের মতো স্থায়ী দোকান থাকবে না। নির্দিষ্ট জায়গায় অস্থায়ী পরিকাঠামো তৈরি করে সেখানে পোশাক বিক্রির ব্যবস্থা করা হবে। ‘পুজোর জামা কাপড় কিনুন মাত্র ১০ টাকায়’—এই বার্তাকে সামনে রেখেই কর্মসূচিটি চালানোর পরিকল্পনা করা হয়েছে। রাজ্য বিজেপির তরফে এই কর্মসূচিকে ‘সেবা সংকল্প অভিযান’-এর একটি অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর নয়, সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদির টানা ২৫ বছরের প্রশাসনিক যাত্রা পূর্ণ হয়েছে ৭ অক্টোবর। ২০০১ সালের এই দিনেই তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন। পরে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০২৬ সালের ৭ অক্টোবর সেই প্রশাসনিক যাত্রার ২৫ বছর পূর্ণ হয়েছে।
এই উপলক্ষে বুধবার নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে পুজো ও আরতি করেন প্রধানমন্ত্রী। ২৫ বছর পূর্ণ হওয়ার দিন নিজের দীর্ঘ প্রশাসনিক যাত্রার প্রসঙ্গও তুলে ধরেছেন মোদি। তাঁর কথায়, “আজ আমি টানা ২৫ বছরের পরিষেবা সম্পূর্ণ করেছি। মানুষের নিরন্তর আশীর্বাদ এবং সমর্থনের ফলেই এটি সম্ভব হয়েছে।”

আরও পড়ুন : বাজারে ফের চড়ল সোনার দাম, লক্ষ্মীবারে ২২ ও ২৪ ক্যারেটের দর কত?
প্রধানমন্ত্রীর এই ২৫ বছরের প্রশাসনিক যাত্রাকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্তরে ‘সেবা সংকল্প অভিযান’ ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলার কথা জানানো হয়েছে। বাংলায় সেই কর্মসূচির সঙ্গে যুক্ত করেই রাজ্য বিজেপির তরফে জেলায় জেলায় ‘নমো মল’ চালুর পরিকল্পনা করা হয়েছে। পুজোর মুখে পানিহাটি দিয়ে এই উদ্যোগের সূচনা হলেও পরবর্তী সময়ে অন্য জেলাতেও একই ধরনের অস্থায়ী মল চালুর পরিকল্পনা রয়েছে।













