বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর প্রসঙ্গে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, BSNL দ্রুত তার 4G মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে মনোযোগ দিয়েছে। এই আবহে TCS (Tata Consultancy Services) এবং তেজস নেটওয়ার্কসের সহায়তায় দেশজুড়ে ১৮,৬৮৫ টি নতুন টাওয়ার স্থাপন করা হবে। ইতিমধ্যেই TCS-এর কাছ থেকে এই সক্রান্ত ১,৫৩৭ কোটি টাকার বড় অর্ডার পেয়েছে তেজস নেটওয়ার্ক। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এর ফলে, দেশের মানুষ ১০০ শতাংশ স্বদেশি নেটওয়ার্ক পাবে। কারণ, BSNL-এর ব্যবহৃত 4G নেটওয়ার্ক প্রযুক্তি সম্পূর্ণরূপে ‘মেড ইন ইন্ডিয়া’। ইটি টেলিকম জানিয়েছে যে, BSNL-এর 4G মোবাইল নেটওয়ার্কের (Mobile Network) জন্য রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) সরঞ্জাম ও আনুষঙ্গিক সামগ্রী সরবরাহের অর্ডার পেয়েছে তেজস নেটওয়ার্ক।
দেশজুড়ে বসছে BSNL-এর নতুন ১৮,৬৮৫ টি টাওয়ার:
BSNL 4G ১ লক্ষ সাইটে চালু রয়েছে: জানিয়ে রাখি যে, BSNL 4G বর্তমানে ১ লক্ষ সাইটে চালু রয়েছে। এটি দেশজুড়ে একাধিক প্রধান শহরকে অন্তর্ভুক্ত করেছে। যার ফলে বাসিন্দারা উন্নত ইন্টারনেট স্পিড এবং নেটওয়ার্ক কভারেজ পাচ্ছেন। এর পাশাপাশি ১৮,৬৮৫ টি নতুন টাওয়ার চালু হলে BSNL-এর রিচ আরও প্রসারিত হবে। যার ফলে আরও বেশি মানুষ সংস্থাটির নিজস্ব 4G নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। BSNL 4G-র সবচেয়ে বড় সুবিধা হল, শুধু একটি সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমেই এটিকে 5G-তে রুপান্তর করা যায়। জানা গেছে, সংস্থাটি তার 4G নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণ করছে। যাতে শীঘ্রই এটিকে 5G-তে আপগ্রেড করা যায়।

রিচার্জের দাম বৃদ্ধির কারণে BSNL-এর চাহিদা বেড়েছে: উল্লেখ্য যে, সম্প্রতি, এয়ারটেল এবং জিও-র মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের একাধিক রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। যার ফলে গ্রাহকরা ব্যয়বহুল প্রিপেড রিচার্জ প্ল্যান ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এটি BSNL-এর জন্য একটি বড় সুযোগ হিসাবে বিবেচিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই BSNL-এ শিফট হওয়ার বিষয়ে আলোচনা করছেন। এমতাবস্থায়, এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি যদি দ্রুত তার নেটওয়ার্ক উন্নত করে, তবে তা তার গ্রাহকদের জন্য এই পদক্ষেপ লাভজনক হতে পারে। কারণ BSNL-এর রিচার্জ প্ল্যানগুলি এয়ারটেল ও জিও-র চেয়ে যথেষ্ট সস্তা।
আরও পড়ুন: ‘হেয়ারকাট’-এর মাধ্যমে মকুব সুভাষ চন্দ্রের ২২,০০০ কোটি টাকার ঋণ! জানেন কী এই প্রক্রিয়া?
মূলত, ১৮,৬৮৫টি নতুন টাওয়ার স্থাপনের ফলে BSNL-এর আপগ্রেডেড নেটওয়ার্ক আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। তবে, এখনও পর্যন্ত কেবল ফাইনাল অর্ডার পাওয়া গেছে। এটি কবে সম্পন্ন হবে সেই সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাখি বন্ধন স্পেশাল: ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজার সাফল্যের নেপথ্যে দিদিদের কঠোর সংগ্রাম
সেপ্টেম্বরে BSNL 4G-র এক বছর পূর্ণ হবে: জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫-এর ২৭ সেপ্টেম্বর, আনুষ্ঠানিকভাবে BSNL-এর 4G নেটওয়ার্ক চালু করেন। তারপর থেকেই গুঞ্জন ছিল যে সংস্থাটি শীঘ্রই তাদের 5G পরিষেবা চালু করবে। BSNL-ও বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি ইতিমধ্যেই জানিয়েছে যে, তারা দিল্লি ও মুম্বাই থেকে তাদের 5G পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে।













