বাংলা হান্ট ডেস্ক : কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এত দিনকার সময়সূচি নিয়ে এবার নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। আদালতের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার প্রচলিত অভ্যাসের বদলে বিচারকাজের জন্য আরও বেশি সময় বরাদ্দ করার পক্ষেই তাঁর অবস্থান স্পষ্ট হচ্ছে। এবার সেই পরিবর্তনের ছাপ পড়তে চলেছে বিচারপতির অবসরকালীন বিদায় অনুষ্ঠানেও। দীর্ঘদিন ধরে চলে আসা সময়সূচি বদলে ‘ফুল কোর্ট রেফারেন্স’ আয়োজন করা হচ্ছে বিকেল ৪টে ১৫ মিনিটে।
প্রথা ভাঙল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)
আগামী ২৩ নভেম্বর অবসর গ্রহণ করবেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায়। তাঁর কর্মজীবনের শেষ পর্বে আনুষ্ঠানিক বিদায় জানাতেই এই বিশেষ অধিবেশনের আয়োজন। হাই কোর্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ওই দিন বিকেল ৪টে ১৫ মিনিটে বসবে ‘ফুল কোর্ট রেফারেন্স’। আগে এমন অনুষ্ঠান শুরু হত দুপুরের পর বিকেল ৩টে ৩০ মিনিটে। অর্থাৎ, এবার প্রচলিত সময়ের তুলনায় ৪৫ মিনিট পরে এই কর্মসূচি রাখা হয়েছে। এর ফলে আদালতের দৈনন্দিন কাজকর্মও আগের তুলনায় কিছুটা বেশি সময় ধরে চলবে।

প্রধান বিচারপতির এই পদক্ষেপকে বিচ্ছিন্ন কোনও সিদ্ধান্ত হিসেবে দেখছেন না আদালত মহলের একাংশ। দায়িত্ব নেওয়ার পর থেকেই আদালতের কাজের সময় ও পদ্ধতিতে পরিবর্তন আনার চেষ্টা করছেন রবীন্দ্র ভি ঘুগে। গত সেপ্টেম্বর মাসে মুম্বই থেকে এসে তিনি পশ্চিমবঙ্গের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। তারপর দুর্গাপুজোর ছুটিতেও আদালতের দরজা খোলা রাখার সিদ্ধান্ত নেন। ছুটির মধ্যেই নিজে এজলাসে উপস্থিত থেকে মামলা শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।
আরও পড়ুন : সরকারি কর্মীদের হাজিরায় বড় বদল! ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে নতুন ব্যবস্থা
শুধু নিয়মিত আদালত চালু রাখাই নয়, পুজোর অবকাশে ১০টি অবকাশকালীন বেঞ্চ গঠনের সিদ্ধান্তও ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কলকাতা হাই কোর্টের ইতিহাসে এমন উদ্যোগ আগে দেখা যায়নি। অন্যদিকে, বিকেল সাড়ে ৩টের মধ্যে আদালতের কাজ শেষ করে দেওয়ার প্রবণতা নিয়েও আপত্তি জানিয়েছিলেন প্রধান বিচারপতি। এই বিষয়ে আইনজীবীদের তিনটি সংগঠনের সঙ্গে কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। পাশাপাশি, প্রধান বিচারপতি হিসেবে পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে নিজে বিচারকাজ পরিচালনা করেও নজির গড়েছেন।
নতুন সময় নির্ধারণের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। সিনিয়র অ্যাডভোকেট সপ্তাংশু বসু বলেন, “হাই কোর্টে বিগত ১৫-২০ বছর ধরেই বিচারপতিদের বিদায় সংবর্ধনা জানানোর জন্য ফুল কোর্ট রেফারেন্স বিকেল ৩টে ৩০ মিনিটে ডাকা হত। ৪টে ১৫ মিনিটে ওই কর্মসূচি আমি এ বারই শুনলাম। বিচারের সময় বাড়ানোর এই উদ্যোগ ভাল।” আইনজীবী ফিরদৌস শামিমও আদালতের কাজের সময় বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, “পুজোর ছুটির মধ্যে প্রাথমিক ও নিট-সহ একাধিক মামলা আমি নিজেও করেছি। বিচারের জন্য সময় বাড়ানো সব সময়ই ভাল। এমন উদ্যোগকে স্বাগত জানাই।”
তবে এই পরিবর্তনের ফলে যাতায়াতের ক্ষেত্রে কিছু আইনজীবী সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছেন হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শঙ্কর প্রসাদ দলপতি। তাঁর বক্তব্য, “কাজের সময় বাড়ানো সব সময়ের জন্য ভাল। আমি ব্যক্তিগত ভাবে সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে ৪টে ১৫ মিনিটে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের পর বাড়ি ফিরতে অনেকের সমস্যার কথা আমাদের জানিয়েছেন। বিশেষ করে যাঁরা দূরের জেলাগুলি থেকে প্রতিদিন হাই কোর্টে এসে কাজ করেন।” প্রধান বিচারপতির কর্মসংস্কার সংক্রান্ত পদক্ষেপ কতটা স্থায়ী পরিবর্তন আনতে পারে, তা নিয়ে নজর থাকবে আদালত মহলের।












