বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Financial Corruption) সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ। এবার একই মামলায় জামিন পেলেন তাঁর এক ঘনিষ্ঠ। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ২০ হাজার টাকা বন্ডে ব্যবসায়ী সুমন হাজরার জামিন মঞ্জুর করেছেন।
সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জামিন হাইকোর্টের | (Calcutta High Court)
আরজি কর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতেন সুমন। এদিন তাঁকেই শর্তসাপেক্ষে জামিন দিল হাইকোর্ট। আদালত জানিয়েছে, নিয়মিত মামলার শুনানিতে হাজির হতে হবে। হাওড়া, কলকাতা, বিধাননগর এলাকার বাইরে যাওয়া যাবে না।
আরও পড়ুনঃ বাইরে ফাঁস হয়ে যাচ্ছে তদন্তের তথ্য! হাইকোর্ট গুরুত্ব না দেওয়ায় সুপ্রিম কোর্টে অভিষেক
পাশাপাশি হাইকোর্টের শর্ত অনুযায়ী, সুমনকে পাসপোর্ট জমা রাখতে হবে। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের কাছে নির্দিষ্ট মোবাইল নম্বর জমা দিতে হবে। সাক্ষীদেরও প্রভাবিত করতে পারবেন না তিনি।
আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর দুর্নীতির অভিযোগ সামনে আসে। সেই সূত্রে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই।
অভিযোগ ওঠে, সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ থাকাকালীন ছাত্র ভর্তির ক্ষেত্রেও দুর্নীতি হয়েছিল। কম নম্বর পাওয়া প্রার্থীদেরও সুযোগ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরবর্তীতে সিবিআই তদন্তের সময় বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার নাম উঠে আসে। সেই সূত্রে গ্রেফতার হন সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন।

এর আগে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে কেন্দ্রীয় এজেন্সির জমা দেওয়া চার্জশিটে সুমনের নাম উঠে এসেছিল। সেখানে দাবি করা হয়, সুমন হাজরা ও বিপ্লব সিংহের সংস্থাকে বিশেষ সুবিধা দিতে প্রায় ৬ কোটি ৮৯ লক্ষ টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ।
এবার আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় সেই সুমনেরই জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বেশ কিছু শর্ত বেঁধে এই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।












