বাংলা হান্ট ডেস্কঃ তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। প্রকাশ করে দেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য। এবার এই নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেখানে গুরুত্ব না পেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
সুপ্রিম কোর্টে অভিষেক | (Abhishek Banerjee)
তৃণমূল সাংসদের অভিযোগ, পুলিশ ও নানা তদন্তকারী সংস্থার তথ্য নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। তদন্ত চলাকালীন তদন্তের অগ্রগতি, জিজ্ঞাসাবাদের বিষয় থেকে শুরু করে তাঁর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন তাঁর ব্যক্তিগত সুনাম, সম্মান, মর্যাদা ও গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তেমনই তদন্ত প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে।
আরও পড়ুনঃ প্রবীণ নাগরিকদের সাহায্যে ফের সক্রিয় হোক প্রণাম কর্মসূচি! কলকাতা পুলিশকে পরামর্শ মুখ্যমন্ত্রীর
অভিষেকের আবেদন, তদন্ত বিষয়ক কোনও তথ্য যাতে বাইরে না আসে সেটা নিশ্চিত করার নির্দেশ পুলিশকে দেওয়া হোক বা আদালত নির্দেশ দিক, তদন্ত প্রভাবিত করতে পারে বা সম্মানহানি হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবর প্রকাশ করা থেকে সংবাদমাধ্যম বিরত থাকবে।
সব মিলিয়ে, অবিলম্বে তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের কার্যকলাপে লাগাম টানার আবেদন জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিষয়ে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি উঠলে তিনি জানান, বিষয়টি তাঁর এক্তিয়ারভুক্ত নয়। সেই কারণে তাঁকে উপযুক্ত বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বিচারপতি।
এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলা উঠলে তিনি জরুরি ভিত্তিতে শুনানি চাননি। বিচারপতি জানান, আদালতের তালিকা অনুসারেই শুনানি হবে। এবার এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে কী হয় সেটাই দেখার।












