বাংলা হান্ট ডেস্কঃ শহরের প্রবীণ নাগরিকদের সাহায্যার্থে প্রণাম (Pronam) কর্মসূচি শুরু করেছিল কলকাতা পুলিশ। এর মাধ্যমে বাড়িতে একা থাকা বয়স্কদের খোঁজখবর নেওয়া, দরকারে ওষুধপত্র পৌঁছে দেওয়া ও জরুরি পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হত। সেই মানবিক কর্মসূচি ফের চালু করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
প্রণাম কর্মসূচি ফের চালুর পরামর্শ মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
বৃহস্পতিবার কালীঘাট থানায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফের প্রণাম কর্মসূচি চালু করার কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি, পুলিশের কাজ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। একথা স্মরণ করিয়ে দেন তিনি।
আরও পড়ুনঃ ৭ দিনের মধ্যে ফাইল ও চিঠির নিষ্পত্তি! সরকারি কাজে গতি আনতে নয়া নির্দেশিকা রাজ্যের
শুভেন্দু বলেন, শহরের বহু প্রবীণ নাগরিকের সন্তান বাইরে থাকেন। কেউ কেউ আবার বাড়িতে একাও থাকেন। তাঁদের নিয়মিত খোঁজখবর নেওয়া, রক্তচাপ মাপানো, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধ পৌঁছে দেওয়া ও প্রয়োজনে চিকিৎসকের ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি কোনও বৃদ্ধ, বৃদ্ধা রাতে সমস্যায় পড়লে যাতে দ্রুত সাহায্য পাওয়া যায়, সেই ব্যবস্থা করার কথাও বলেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, “পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক এমন হওয়া উচিত যাতে ভয় নয়, ভরসা তৈরি হয়। তাঁদের লক্ষ্য হওয়া উচিত, আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করা।“

কলকাতা পুলিশকে শুভেন্দুর পরামর্শ, দরকার পড়লে স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে প্রবীণ নাগরিকদের যোগাযোগ করিয়ে দেওয়া যেতে পারে। এর জন্য প্রণাম কর্মসূচিকে ফের সক্রিয় করার বার্তা দেন তিনি।
কলকাতার প্রবীণ নাগরিকদের সাহায্যের উদ্দেশে প্রণাম কর্মসূচি চালু করেছে কলকাতা পুলিশ। তাঁদের স্বাস্থ্য, নিরাপত্তা, আইনি সহায়তার বিষয় নিশ্চিত করতে কাজ করে এই প্রকল্প। শহরের প্রবীণদের সাহায্যে সেই কর্মসূচিই ফের সক্রিয় করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।












