বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপোড়েনের মাঝেই আগামী ১২ এপ্রিল হাজরা মোড়ে সভার ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। ভবানীপুরে শান্তিপূর্ণ মিছিল করে প্রতিবাদের জন্য পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলনকারী এই সংগঠন। শুক্রবার যৌথ মঞ্চকে শর্ত মেনে সভা করার অনুমতি দিল হাইকোর্ট। তবে মিছিলের অনুমতি মেলেনি।
আদালতে শর্তসাপেক্ষে অনুমতি যৌথ মঞ্চকে | Calcutta High Court
পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল যৌথ মঞ্চের তরফে। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে মামলা উঠলে আগামী ১২ এপ্রিল হাজরা মোড়ে সভা করার অনুমতি মিলেছে যৌথ মঞ্চের। যদিও একাধিক শর্ত আরোপ করেছে আদালত।
শুনানিতে রাজ্যের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, হাজরা মোড়ে কি কোনও সংগঠনকে সভা করতে দেওয়া হয় না? কেন বাধা দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তোলেন বিচারপতি। একাধিক শর্তে এদিন সভা করার অনুমতি পেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
আদালতের নির্দেশ, ১২ এপ্রিল বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ১০০০ লোক নিয়ে সভা করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। কোনও মিছিলের অনুমতি মেলেনি। তাদের সভার কারণে কোনওভাবে ট্র্যাফিক ব্যবস্থায় যাতে সমস্যা না হয় তা দেখতে হবে। শব্দ বিধি মানতে হবে। নাগরিকদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে।

আরও পড়ুন: ভোটের আগে বিজেপির বড় চাল! বাংলায় এক ডজন সভা করতে আসছেন যোগী আদিত্যনাথ
উল্লেখ্য, আদালতে মামলাকারী সংগঠনের দাবি ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও শিক্ষক-শিক্ষিকারা এখনও বকেয়া মহার্ঘ ভাতা পাননি। একইসাথে গত সপ্তাহে নির্বাচনের কাজে নিযুক্ত এক সরকারি কর্মী যিনি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য, তার উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে চেয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আবেদন জানিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। তাতে মিলল শর্তসাপেক্ষে অনুমতি।













