বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ দ্রুত বাড়ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক সভা করে প্রচারে গতি এনেছেন। এবার সেই তালিকায় যোগ হতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বিজেপি সূত্রে খবর, তিনি রাজ্যে এসে একের পর এক সভা করে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করতে পারেন।
রবিবার থেকে বঙ্গে ভোট প্রচার করবেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)
সূত্রের খবর, রবিবার থেকেই বাংলার মাটিতে প্রচারে নামার কথা যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। প্রাথমিক সূচি অনুযায়ী, প্রথম দিনেই বাঁকুড়ার পাত্রসায়র এবং পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুটি বড় জনসভা করার পরিকল্পনা রয়েছে।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই সফর শুধু সীমিত কর্মসূচিতে আটকে নাও থাকতে পারে। প্রয়োজন হলে তাঁর সভার সংখ্যা আরও বাড়ানো হতে পারে। অর্থাৎ, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার ভোটে যোগীকে পুরো শক্তিতে ব্যবহার করতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ ইতিমধ্যেই একাধিক জায়গায় সভা করে প্রচারের পরিবেশ তৈরি করেছেন। তারই মধ্যে যোগীর আগমনকে ঘিরে বিজেপি শিবিরে নতুন করে উত্সাহ দেখা যাচ্ছে।
দলীয় কর্মীদের কাছে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) শুধু একজন মুখ্যমন্ত্রী নন, বরং হিন্দুত্বের অন্যতম মুখ হিসেবেই পরিচিত। উত্তরপ্রদেশে তাঁর ‘বুলডোজার’ নীতি এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপ তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। সেই ভাবমূর্তিকেই এবার বাংলার নির্বাচনে কাজে লাগাতে চাইছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, এই একাধিক কর্মসূচির মাধ্যমে বিজেপি মূলত হিন্দু ভোটকে একজোট করার চেষ্টা করছে। পাশাপাশি, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের সংগঠনকে আরও সক্রিয় করাই তাদের লক্ষ্য।

আরও পড়ুনঃ “সব জানেন সঞ্জয়”, হাই কোর্টের নির্দেশে ফের খুলছে RG Kar কাণ্ডের ফাইল, নতুন করে শুরু হবে জেরা
এখন সব নজর যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বাংলার মঞ্চে দাঁড়িয়ে কী বক্তব্য রাখেন সেই দিকে। তাঁর বার্তা ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, সেটা ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহলে একাংশ।













