বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে (RG Kar Case) দীর্ঘদিন ধরে তদন্তের গতি নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সেই মামলায় নতুন করে নড়েচড়ে বসেছে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশে ফের জিজ্ঞাসাবাদের পথ খুলে যাওয়ায় আশার আলো দেখছেন নির্যাতিতার পরিবার। বিশেষ করে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ, তাঁর কাছেই লুকিয়ে থাকতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য।
আরজি কর মামলা (RG Kar Case) নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হাই কোর্টের
কলকাতা হাইকোর্ট সম্প্রতি আরজি কর মামলায় (RG Kar Case) একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় এই মামলার অনেক অজানা তথ্য জানেন। সেই কারণে সিবিআই চাইলে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে। এমনকি, অন্য কোনও সন্দেহভাজন থাকলে তাঁদেরও ফের জেরা করার অনুমতি দিয়েছে আদালত।
এই নির্দেশের পরই প্রতিক্রিয়া জানিয়েছেন নির্যাতিতা ‘অভয়া’র মা-বাবা। তাঁদের মতে, এতদিন ধরে মামলাটি (RG Kar Case) বিভিন্ন আদালতে ঘুরলেও তদন্তে তেমন অগ্রগতি দেখা যায়নি। সিবিআইকে স্পষ্টভাবে কাজের নির্দেশ দেওয়া হয়নি বলেই তদন্তে গতি আসেনি। কিন্তু হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে তাঁরা আশা করছেন, এবার মামলাটি এগোবে।
অভয়ার বাবা জানান, বিচারপতি রাজশেখর মান্থা আদালতেই স্পষ্ট জানিয়েছেন যে তিনি মামলার সব দিক সম্পর্কে অবগত। পাশাপাশি সিবিআইকে দ্রুত ও সঠিকভাবে তদন্ত শেষ করার নির্দেশও দেন। তাঁর কথায়, এতদিনে প্রথমবার আদালত সরাসরি তদন্ত সংস্থাকে দায়িত্বশীলভাবে কাজ করার বার্তা দিয়েছে। অন্যদিকে, অভয়ার মা তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, ঘটনার রাতে যারা ডিউটিতে ছিলেন বা তাঁর মেয়ের সঙ্গে ছিলেন, তাঁদের অনেককেই ঠিকমতো জিজ্ঞাসাবাদ করা হয়নি। মাত্র দু’জনকে সাক্ষী হিসেবে আনা হয়েছিল, এবং তাঁদের বক্তব্যেও অসঙ্গতি ছিল।
এই বিষয়গুলি নিয়েই তাঁরা বারবার প্রশ্ন তুলেছিলেন। তিনি আরও জানান, সিবিআইয়ের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও এখনও চার্জশিট জমা পড়েনি। সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে একাধিক নাম থাকলেও তদন্ত সেই অনুযায়ী এগোয়নি বলেই তাঁদের দাবি।

আরও পড়ুনঃ হুমকি-ছিনতাই অভিযোগে বিপাকে পবিত্র! হাই কোর্টের দরবারে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সঞ্জয় রায়ের ফাঁসি নিয়ে তাঁদের অবস্থান। অভয়ার মা স্পষ্ট করে বলেন, রাজ্য বা সিবিআই যখন সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আবেদন জানায়, তখন তাঁরাই তা চাননি। কারণ, তাঁদের বিশ্বাস সঞ্জয় রায় ভবিষ্যতে মুখ খুললে এই মামলার (RG Kar Case) আরও বড় সত্য সামনে আসতে পারে। তাঁর বক্তব্যে ইঙ্গিত, এই মামলায় আরও কেউ জড়িত থাকতে পারে, এবং সেই তথ্য বেরিয়ে আসার জন্যই তাঁরা অপেক্ষা করছেন।













