বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালের ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা নিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়ল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সভার জন্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, যা হাই কোর্টের (Calcutta High Court) আগের নির্দেশের বিরোধী। এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে কলকাতা হাই কোর্ট।
২১ জুলাইয়ের সভা নিয়ে হাই কোর্টের (Calcutta High Court) নোটিস
২০২৫ সালের ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সভা হয়েছিল। সেই সভাকে ঘিরেই এবার আদালত (Calcutta High Court) অবমাননার অভিযোগ উঠেছে। শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়ার নির্দেশ দেয়। আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানি হতে পারে।
মামলাকারীর অভিযোগ, ২১ জুলাইয়ের সভার জন্য শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে সমস্যা তৈরি হয়। সেই কারণেই আদালতের দ্বারস্থ হন তিনি। আসলে ২০১৮ সালে রাজনৈতিক সভা ও মিছিল নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট কিছু নির্দেশ দিয়েছিল। আদালত (Calcutta High Court) জানিয়েছিল, কোনও রাজনৈতিক সভার জন্য শহরের বড় বা প্রধান রাস্তা পুরোপুরি বন্ধ করা যাবে না। রাস্তার একটি অংশ সবসময় সাধারণ মানুষের চলাচলের জন্য খোলা রাখতে হবে।
এ ছাড়া অ্যাম্বুল্যান্স-সহ জরুরি পরিষেবার চলাচল যাতে বাধাপ্রাপ্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। যানজট এড়াতে বিকল্প রাস্তার ব্যবস্থাও রাখতে হবে এবং আগে থেকেই সেই তথ্য মানুষকে জানাতে হবে বলে আদালত (Calcutta High Court) নির্দেশ দিয়েছিল।
তৎকালীন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছিল, বড় রাজনৈতিক সভা বা মিছিলের কারণে কলকাতায় প্রায়ই ব্যাপক যানজট তৈরি হয়। এতে সাধারণ মানুষ এবং জরুরি পরিষেবাগুলি সমস্যার মুখে পড়ে। তাই রাজনৈতিক কর্মসূচির জন্য নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়া উচিত নয় বলেও আদালত (Calcutta High Court) মন্তব্য করেছিল।

আরও পড়ুনঃ ৫ লক্ষ টাকার চিকিৎসা সুবিধা পেতে চান? আয়ুষ্মান কার্ডে এই ভুল করলেই বাতিল হতে পারে আবেদন
বর্তমান মামলায় অভিযোগ, ওই নির্দেশ মানা হয়নি। ২০২৫ সালের ২১ জুলাইয়ের সভার সময় রাস্তা বন্ধ করে কর্মসূচি করা হয়েছিল, যার ফলে বহু মানুষ ভোগান্তির শিকার হন। সেই অভিযোগের ভিত্তিতেই আদালত অবমাননার মামলা হয়েছে। এখন এই বিষয়ে আদালতে (Calcutta High Court) নিজেদের বক্তব্য জানাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

















