বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলের নেতা, মন্ত্রী এবং বিধায়কদের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিজেপির অভিযোগ ছিল, তাঁদের কর্মসূচিতে বারবার বাধা দিচ্ছেন তৃণমূল সমর্থকেরা এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। সেই অভিযোগের ভিত্তিতেই দায়ের হওয়া মামলায় সোমবার গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিরোধী দলের কর্মসূচিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে।
কী নিয়ে মামলা হাই কোর্টে (Calcutta High Court)?
গত ২৭ অক্টোবর কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) একটি মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ ছিল, বিরোধী দলের নেতা, বিধায়ক, সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের কর্মসূচিতে বারবার বাধা দেওয়া হচ্ছে। পুলিশকে আগাম জানানো হলেও অনেক ক্ষেত্রে কর্মসূচি ঘিরে অশান্তি, হামলা ও বিশৃঙ্খলা ঘটছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালত (Calcutta High Court) জানায়, রাজ্যের বিরোধী দলের নেতা, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের কর্মসূচিতে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকেই। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ, দুই পক্ষকেই এ বিষয়ে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে, আপাতত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। ওই দিন ফের মামলার পরবর্তী শুনানি হবে।
কী অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী?
আবেদনে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে শুরু করে পরবর্তী সময়েও বিরোধী দলের জনপ্রতিনিধি ও সমর্থকদের ওপর ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই পুলিশের কাছে আগেভাগে কর্মসূচির তথ্য দেওয়া সত্ত্বেও কনভয় বা সভায় হামলার ঘটনা ঘটেছে। এমনকি বিরোধী দলনেতার কর্মসূচিতেও বাধা দেওয়া হয়েছে। আবেদনকারীর দাবি, এই ধরনের ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ব্যর্থতার দিকটাই স্পষ্ট করে তুলছে। সেই কারণেই আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করা হয়েছিল।

আরও পড়ুনঃ মাথায় নেই হেলমেট, বিধি ভেঙে ১০ হাজার বাইক নিয়ে মিছিল! ফলতায় তৃণমূল নেতার কাণ্ডে তুঙ্গে বিতর্ক
সেই মামলার শুনানিতেই সোমবার কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে,বিরোধী দলের কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার দায় সম্পূর্ণভাবে রাজ্য প্রশাসনের। পুলিশকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে আদালতের নির্দেশে।












